প্যারিস, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক ট্রস-কান এবার ধর্ষণ চেষ্টার অভিযোগে ফরাসি লেখিকা ত্রিস্তেন ব্যানোনের মামলার মুখে পড়তে চলেছেন।
স্ট্রস-কানের বিরুদ্ধে ব্যানোন মঙ্গলবার অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
ব্যানোনের অভিযোগ, প্যারিসের একটি ফ্ল্যাটে ২০০৩ সালে স্ট্রস-কানের সাক্ষাৎকার নিতে গেলে তিনি তাকে ধর্ষণ করার চেষ্টা করেন। ব্যানোনের বয়স তখন ছিলো ২২ বছর।
কিন্তু ব্যানোনের এ অভিযোগ মিথ্যা আখ্যা দিয়ে স্ট্রস-কান তার বিরুদ্ধে পাল্টা মামলা করবেন বলে জানিয়েছেন।
১৪ মে নিউ ইয়র্কে এক হোটেল কর্মীকে ধর্ষণ চেষ্টার আরেক মামলায় অভিযুক্ত স্ট্রস-কান সদ্য গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়েছেন। অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ দেখা দেওয়ার পর তিনি মুচলেকা দিয়ে মুক্তি পান।
বিবিসি জানিয়েছে, ১৪ মে'র ওই ঘটনায় স্ট্রস-কান নিউ-ইয়র্কে গ্রেপ্তার হওয়ার পরপরই ফরাসি লেখিকা ব্যানোন প্রকাশ্যে তার বিরুদ্ধে অভিযোগ করেন।
বিবিসি আরো জানায়, ব্যানোন ওই সময় বিষয়টি নিয়ে পুলিশের কাছে যাননি। তবে ২০০৭ সালে টেলিভিশনে একটি 'চ্যাট শো' তে তিনি এ অভিযোগ তুলেছিলেন।
ব্যানোনের আইনজীবী ডেভিড কোব্বি সোমবার বলেন, তিনি ব্যানোনকে স্ট্রস-কানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অপরাধের অভিযোগ দাখিল করার পরামর্শ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৭ঘ.
bdnews24