ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকা-ে হিজবুল্লাহর চার সদস্যের জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেছে দলটির নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহ।
সেইসঙ্গে কোনো শক্তিই 'সম্মানিত ভাইদের' গ্রেপ্তার করতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি জানান।
বৃহস্পতিবার জাতিসংঘ সমর্থিত লেবাননের বিশেষ আদালত হিজবুল্লাহর চার সদস্যকে হারিরি হত্যার আসামি করে অভিযোগপত্র দাখিল করে। এরপর এটিই দলটির পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়া বলে বিবিসি জানায়।
নাসরাল্লাহ বলেন, "তারা ৩০ দিন কেন ৬০ দিনেও তাদের (অভিযুক্ত হিজবুল্লাহর চার সদস্য) খুঁজে পাবে না বা গ্রেপ্তার করতে পারবে না। এমনকি ১ বছর, ২ বছর ৩০ বছর বা ৩শ' বছরেও সম্ভব না।"
পাশাপাশি তিনি লেবাননের বিশেষ আদালত 'আর্থিক ও আদর্শগত দুর্নীতিতে পূর্ণ' এবং এটি ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন।
২০০৫ সালের ফেব্রুয়ারিতে বৈরুতের কেন্দ্রীয় অঞ্চলে হারিরির গাড়ি বহরে বড় ধরনের বোমা হামলা চালানো হয়। এতে হারিরিসহ আরো ২২ জন নিহত হন।
হারিরির ছেলে ও লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি এ অভিযোগপত্রকে স্বাগত জানিয়ে একে লেবাননের জন্য 'ঐতিহাসিক মুহূর্ত' বলে উল্লেখ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৫ ঘ.
bdnews24