মানামা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাহরাইনে সরকার ও বিরোধীদের মধ্যে শনিবার জাতীয় সংলাপ শুরু হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের পর দুপক্ষের মধ্যে এটাই প্রথম আলোচনা।
এ বছরের শুরুর দিকে সুন্নিশাসিত বাহরাইনে সংখ্যাগরিষ্ঠ শিয়া মতাবলম্বীদের বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়নের পর রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে এ সংলাপ আহ্বান করেন বাদশা হামাদ বিন ঈসা আল-খলিফা।
মিশর ও তিউনিসিয়ার সফল গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে ফেব্রুয়ারিতে বাহরাইনে রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়।
মার্চে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী নিয়ে এবং সামরিক আইন জারি করে বিক্ষোভ দমন করেন বাহরাইনের বাদশা। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়।
এ জাতীয় সংলাপের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিরোধীরা। তারা বলছেন, সংলাপে ৩০০ আসনের মধ্যে ৩৫টি আসন নিয়ে কোনো ইতিবাচক ফল বয়ে আনা যাবে না। তাছাড়া এখানে কোনো সমঝোতা হলে পার্লামেন্টের উচ্চকক্ষ (শুরা কাউন্সিল) তা পাল্টে দেবে বলে আশঙ্কা তাদের।
সংলাপের চেয়ারম্যান এবং পার্লামেন্টের স্পিকার খলিফা বিন আহমেদ আল-ধাহরানি বলেন, "আমরা কোনো শর্ত ও সীমাবদ্ধতা ছাড়াই সংলাপ শুরু করছি।"
আলোচনায় অংশগ্রহণকারী প্রধান বিরোধী গ্রুপ ওয়েফাক বলেছে, সংলাপ সরকারে শিয়া মতাবলম্বীদের অংশগ্রহণ বাড়ানোর দিকে না এগোলে তারা তা বর্জন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২৩২৬ ঘ.
bdnews24