২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেনকে নিয়ে পাকিস্তানে সাহিত্য প্রতিযোগিতা

আল কায়েদার নিহত শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের ভাবমূর্তি উজ্জ্বলের লক্ষ্যে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে এক সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদার নিহত শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের ভাবমূর্তি উজ্জ্বলের লক্ষ্যে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে এক সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে আয়োজকরা তাদের পরিচয় গোপন রেখেছেন বলে এনডিটিভি জানায়। চলতি বছরের ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে গোপন আস্তানায় মার্কিন কমান্ডো হামলায় বিন লাদেন নিহত হন। ওই ঘটনার প্রায় দুইমাস পর বিন লাদেনকে নিয়ে এই সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করা হলো। আয়োজকেরা নিজেদের 'শেখ প্রেমিক' পরিচয়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে আগুন জ্বলার ছবি দিয়ে পোস্টার টানিয়েছে। বিন লাদেন 'শেখ' বলেও পরিচিত। প্রতিযোগিতায় গদ্য ও পদ্য দুই বিভাগই রাখা হয়েছে। পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত লাহোরের বিশ্বজনীন পরিবেশে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে কট্টরপন্থি মুসলিমদের প্রভাব বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ই-মেইলের মাধ্যমে ৩০ জুনের মধ্যে লেখা পাঠাতে বলা হয়। তবে বিজয়ীদের কি পুরস্কার দেওয়া হবে সে সম্পর্কে কোনোকিছু জানানো হয় নি। আয়োজকেরা নিজের আড়াল করে রাখলেও পাকিস্তানের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীদের ধারণা ক্যাম্পাসের শক্তিশালী একটি ইসলামি ছাত্র সংগঠন এ প্রতিযোগিতার আয়োজক হতে পারে। পাকিস্তানের সবচেয়ে বড় ইসলামি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠন 'ইসলামি জামিয়াত তালাবা' এ প্রতিযোগিতার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা গোপন কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করে না। তবে এ সংগঠনটির অনেক নেতা ওসামা বিন লাদেনকে সমর্থন করেন এবং যুক্তরাষ্ট্রর প্রতি প্রচ- ঘৃণা পোষণ করার বিষয়টি স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৬০০ ঘ.