২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস এর ওষুধে অকাল বার্ধক্য!

আফ্রিকা ও অন্যান্য দরিদ্র অঞ্চলগুলোতে এইচআইভি সংক্রমিতদের চিকিৎসার জন্য ব্যবহৃত এইডসের ওষুধগুলো অকালে বুড়িয়ে যাওয়ার কারণ হতে পারে। এছাড়াও এগুলো ব্যবহারে বয়স্কদের মতো হৃদরোগ ও স্মৃতিভ্রংশ হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

লন্ডন, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--আফ্রিকা ও অন্যান্য দরিদ্র অঞ্চলগুলোতে এইচআইভি সংক্রমিতদের চিকিৎসার জন্য ব্যবহৃত এইডসের ওষুধগুলো অকালে বুড়িয়ে যাওয়ার কারণ হতে পারে। এছাড়াও এগুলো ব্যবহারে বয়স্কদের মতো হৃদরোগ ও স্মৃতিভ্রংশ হতে পারে। রোববার প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা একথা জানিয়েছেন। 'নেচার জেনেটিকস' নামের এক জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। ব্রিটিশ গবেষকরা দেখতে পান যে, 'নিউক্লেসাইড অ্যানালগ রিভার্স-ট্রান্সক্রিপ্টাস ইনহেবিটরস' বা এনআরটিআইস নামে পরিচিত ওষুধটি রোগীর 'মাইটোকন্ড্রিয়া'য় ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে। গবেষণা প্রধান ও 'নিউক্যাসল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব জেনেটিক মেডিসিন' এর প্যাট্রিক চিনেরি টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "এ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দৃশ্যমান হতে সময় লাগে। সে কারণে ভবিষ্যতে কি ঘটবে এবং নতুন ওষুধগুলো এই সমস্যা সৃষ্টি করবে কিনা সে বিষয়টি প্রশ্নসাপেক্ষ। নতুন ওষুধে হয়তো কম সমস্যা হবে। কিন্তু আমরা তা জানি না, কারণ আমরা তা দেখার সুযোগ পাইনি।" তিনি আরো বলেন, "আমাদের জীবদ্দশায় মাইটোকন্ড্রিয়ার ডিএনএগুলোর অনুলিপি হতে থাকে। আর আমাদের যখন বয়োঃবৃদ্ধি হতে থাকে তখন স্বাভাবিকভাবেই এগুলো অনেক ভুল করে।" তিনি জানান, এ ওষুধের ফলে ২০ থেকে ৩০ বছরের একজন মানুষের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যে ভুল করে ১০ বছর বয়স্ক মানুষের ক্ষেত্রেও সেই একই ভুল ঘটে। গবেষকরা আরো জানান, এইডসের এন্টিভাইরাল ওষুধের মাধ্যমে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা কম বয়সেই রুগ্ন হন এবং হৃদরোগ ও স্মৃতিভ্রংশের মতো রোগ দেখা দেয়। চিনেরি ও তার গবেষক দল এইচআইভ সংক্রমিত প্রাপ্ত:বয়স্কদের মাংসপেশীর কোষ নিয়ে গবেষণা করেছেন। তারা দেখতে পান, একটি স্বাস্থ্যবান বৃদ্ধের মাইটোকন্ড্রিয়া যতটুকু ক্ষতিগ্রস্ত থাকে এনআরটিআইস'র এর সাহায্যে চিকিৎসা নেওয়া এইচআইভি আক্রান্ত রোগীদের মাইটোকন্ড্রিয়া ক্ষতির মাত্রাও থাকে একইরকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৬৫৭ ঘ.