২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল জ্যাকসনের 'থ্রিলার' জ্যাকেট ১৮ লাখ ডলারে বিক্রি

'থ্রিলার' গানের ভিডিওচিত্রে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গায়ে থাকা জ্যাকেটটি নিলামে ১৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

লস এঞ্জেলেস, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'থ্রিলার' গানের ভিডিওচিত্রে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গায়ে থাকা জ্যাকেটটি নিলামে ১৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। লস এঞ্জেলসের নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ান অকশনস রোববার বেভারলি হিলে এই নিলামের আয়োজন করে। নিলামে অংশগ্রহণকারী বিশ্বের বেশ কয়েকজন ধনী ব্যক্তিকে হারিয়ে জ্যাকেটটির মালিক বনে যান টেক্সাসের স্বর্ণ ব্যবসায়ী মিল্টন ভেরেট। বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহে জ্যাকেটটিকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান তিনি। লাল ও কালো রঙের এ জ্যাকেটটি চামড়ার তৈরি। এটির ডিজাইন করেছিলেন থ্রিলার ভিডিওচিত্রের পরিচালক জন ল্যান্ডিসের স্ত্রী ডেবোরাহ ল্যান্ডিস। জ্যাকসন জ্যাকেটটি তার দীর্ঘদিনের পোশাক পরিকল্পনাকারী ডেনিস টম্পকিনস ও মাইকেল বুশকে উপহার দিয়েছিলেন। মিল্টন ভেরেট জ্যাকেটটি সম্পর্কে রয়টার্সকে বলেন, "ইতিহাসের রক অ্যান্ড রোল স্মারকের এটা একটি গুরুত্বপূর্ণ অংশ।" পপ সম্রাটের অন্য একটি জ্যাকেট এবং ইউটু সদস্যদের সই করা একটি গিটার তার সংগ্রহে রয়েছে বলেও জানান ভেরেট। ১৯৮৩ সালে মুক্তি পেয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে জ্যাকসনের 'থ্রিলার' অ্যালবাম। ওই অ্যালবামের টাইটেল গানের ভিডিওচিত্রে পুনরুজ্জীবন পেয়ে জীবিতদের সঙ্গে নাচতে থাকেন মাইকেল জ্যাকসন। এ যাবৎকালের সবচেয়ে সাড়া জাগানো মিউজিক ভিডিওগুলোর মধ্যে একটি হিসেবে এটিকে বিবেচনা করা হয়। ১৪ মিনিটের 'থ্রিলার' ভিডিওচিত্রে আরো একটি জ্যাকেট পরেন মাইকেল জ্যাকসন। সেটি এখন জ্যাকসন স্টেটের হেফাজতে রয়েছে। ২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসনের রহস্যজনক মৃত্যু হয়। চেতনানাশক প্রোপোফলের প্রভাবে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৭২৯ ঘ.