কায়রো, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের অর্থমন্ত্রী বলেছেন, ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংশোধনের পর বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন নেই।
অর্থমন্ত্রী সমির রাদওয়ান শনিবার রয়টার্সকে বলেন, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত প্রথম খসড়া বাজেটে জিডিপির ১১ শতাংশ ঘাটতি ধরা হয়েছিলো। কিন্তু পরে তা কমিয়ে ৮ দশমিক ৬ শতাংশ করা হয়েছে।
গত ১ জুন ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা। কর্মসংস্থান বাড়ানো এবং দরিদ্রদের সহায়তার জন্য প্রস্তাবিত ওই বাজেটে এক চতুর্থাংশ ব্যয় বাড়ানো হয়। পরে তা সংশোধন করে বুধবার এ নতুন খসড়া বাজেট ঘোষণা করা হয়।
১ জুন সাংবাদিকদের জানানো হয়, জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রস্তাবিত ১২ মাসের বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫১ হাজার সাড়ে চারশ' কোটি মিশরীয় পাউন্ড।
সংশোধিত বাজেটে ওই ব্যয় কমিয়ে ৪৯ হাজার ৬০ কোটি মিশরীয় পাউন্ড করা হয়েছে।
মন্ত্রী জানান, জাতীয় সংলাপে রাজনৈতিক নেতাকর্মী, লেখক, ব্যবসায়ী সম্প্রদায়, ট্রেড ইউনিয়ন ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এবং ক্ষমতাসীন সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ ঋণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করায় বাজেট ঘাটতি কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
"তাই এ পর্যায়ে আমাদের বিশ্ব ব্যাংক ও আইএমএফ'র কাছে যাওয়ার প্রয়োজন নেই"- বলেন রাদওয়ান।
আইএমএফ'র কাছ থেকে মিশর তিনশ' কোটি ডলার ঋণ নেওয়ার ব্যাপারে উভয় পক্ষ চলতি মাসে মতৈক্যে পৌঁছায়।
প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের দাবিতে সংঘটিত বিক্ষোভ-সহিংসতার সময় দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টানা ১৮ দিনের বিক্ষোভের মুখে গত ১১ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়েন তিনি।
সে ক্ষতি কাটিয়ে উঠতে মিশরকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দেয় আইএমএফ ও বিশ্ব ব্যাংকসহ বেশ কয়েকটি দেশ।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/পিডি/২২৫৬ ঘ.
bdnews24