ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক জ্বালানি সংস্থাভুক্ত (আইইএ) দেশগুলো নিজস্ব মজুদ থেকে জ্বালানি তেল বাজারে ছাড়ার ঘোষণা দেওয়ায় তেলের দাম কমেছে, বলেছে বিবিসি।
বৃহস্পতিবার রাতে বিবিসি প্রকাশিত এক খবরে বলা হয়, আইইএ'র ওই ঘোষণার পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে প্রতি ব্যারেলে সাড়ে ছয় ডলার কমে হয় একশ সাত ডলার।
লিবিয়ায় ন্যাটো বাহিনীর অভিযানে দেশটি থেকে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় চাহিদা পূরণে বৃহস্পতিবার নিজস্ব মজুদ থেকে তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয় আইইএ।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, ঘাটতি পূরণে প্রাথমিকভাবে প্রথম ৩০ দিন দৈনিক ছয় কোটি ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ২৮ সদস্যের সংস্থা আইইএ।
এর অর্ধেক ছাড়বে যুক্তরাষ্ট্র একা। ৭২ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল মজুদ রয়েছে দেশটির।
ছয় কোটি ব্যারেলে ৩০ শতাংশ ইউরোপের দেশগুলো তাদের মজুদ থেকে সরবরাহ করবে। বাকি তেল বাজারে ছাড়বে প্যাসিফিক ওইসিডিভুক্ত দেশগুলো।
যুক্তরাজ্য ৩০ লাখ ব্যারেল তেল দেওয়ার পরিকল্পনা করেছে।
আইইএ'র ৩৭ বছরের ইতিহাসে মজুদ থেকে জ্বালানি তেল বাজারে ছাড়ার তৃতীয় ঘটনা এটি।
আইইএ'র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মার্কিন জ্বালানি বিশেষজ্ঞ জন কিলডুফ বলেন, "মূল্যবৃদ্ধি ঠেকাতে সর্বশেষ পদক্ষেপ হিসেবে সদস্য দেশগুলো এ সিদ্ধান্তে পৌঁছাতে পারায় এটি উল্লেখযোগ্য পদক্ষেপ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০৪৮ ঘ.
bdnews24