মিসরাটা, লিবিয়া, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহী পরিষদকে 'আলাপ-আলোচনার গুরুত্বপূর্ণ অংশীদার' হিসাবে বুধবার স্বীকৃতি দিয়েছে চীন।
এ সমর্থন পেয়ে বিদ্রোহীরা কূটনৈতিক দিক থেকে শক্ত অবস্থানে পৌঁছেছে। তবে মিসরাতায় তারা গাদ্দাফি বাহিনীর প্রচণ্ড মর্টার হামলার শিকার হচ্ছে।
লিবিয়াতে বিদ্রোহ চলছে চার মাস হতে চললো এবং তিন মাস ধরে নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের জন্য ন্যাটো বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
ত্রিপোলিতে বিদ্রোহীদের অগ্রগতি ধীর। কিন্তু তারা ক্রমাগত বৈদেশিক সমর্থন পাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে এক ঘরে হয়ে যাচ্ছেন গাদ্দাফি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি বেনগাজি-ভিত্তিক বিদ্রোহী 'ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল' এর কূটনৈতিক প্রধান মাহমুদ জিব্রিলকে বলেছেন, "চীন আপনাকে আলাপ-আলোচনার একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে।" জিব্রিল চীন সফর করার সময় তাকে একথা বলেন জিয়েচি।
চীনের পররাষ্ট্রমন্ত্রণারয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
ইয়াং বলেন, "প্রতিষ্ঠার পর থেকে দিন দিন বিদ্রোহী পরিষদের ভিত্তি দৃঢ় হচ্ছে এবং ধাপে ধাপে এটি একটি গুরুত্বপূর্ণ দেশীয় রাজনৈতিক শক্তি হয়ে উঠছে।" তিনি আরো বলেন, চীন লিবিয়ার জনগণের ভোগান্তি নিয়ে উদ্বিগ্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫১ঘ.
bdnews24