২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে আস্থা ভোটে টিকে গেলেন পাপান্দ্রু

নাজুক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চাপে থাকা গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু বুধবার পার্লামেন্টে আস্থা ভোটে টিকে গেছেন। এতে করে এ যাত্রায় দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেলো গ্রিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

এথেন্স, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -নাজুক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চাপে থাকা গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু বুধবার পার্লামেন্টে আস্থা ভোটে টিকে গেছেন। এতে করে এ যাত্রায় দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেলো গ্রিস। অর্থনৈতিক ঘাটতি মেটাতে বিপুল অঙ্কের ব্যয়সঙ্কোচন পরিকল্পনা করে পাপান্দ্রু সরকার। ব্যয়সঙ্কোচন প্যাকেজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৬ জুন সরকারে ব্যাপক রদবদলের পাশাপাশি আস্থা ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেন পাপান্দ্রু। পার্লামেন্ট সরকারে রদবদলকে সমর্থন জানিয়েছে। সরকারের পক্ষে ভোট দেন ১৫৫ সদস্য আর বিপক্ষে ১৪৩ জন, দুজন ভোট বর্জন করেন। পাপান্দ্রুর নিজ দল স্যোশালিস্ট পার্টির সব সদস্যই বদলে যাওয়া সরকারের পক্ষে ভোট দেন। ঘাটতি মেটাতে ইইউ ও আইএমএফের অর্থ প্রণোদনা প্যাকেজ পেতে নতুন করে পাঁচসালা পরিকল্পনায় কর বৃদ্ধি, ব্যয়সঙ্কোচন ও রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রির পদক্ষেপ নিতে হবে পাপান্দ্রুকে। কিন্তু এর বিরুদ্ধেই শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। পার্লামেন্টে আস্থা ভোট চলার সময় বিক্ষোভকারীরা বাইরে জমায়েত হয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় পার্লামেন্টে ভবনকে অবরোধ করে ফেলে বিক্ষোভকারীরা। তারা রাজনীতিবিদদের উদ্দেশ্য করে গালাগাল দেয়, 'চোর ও ধোঁকাবাজ' শ্লোগান দিয়ে বিক্ষোভ করে। 'অর্থ কোথায় গেল' তাও তারা জানতে চায়। ব্যয়সঙ্কোচন পরিকল্পনায় সমর্থন পেতেই সরকারে রদবদল করেছিলেন প্রধানমন্ত্রী। তার উদ্দেশ্য এখন সফল হবে বলে ধারণা করা হচ্ছে। আস্থা ভোটে পাপান্দ্রু টিকে গেলে নির্বাচন দিতে হবে না এবং সরকারের পরিকল্পনা পাসের সুযোগও বাড়বে বলে আগেই জানিয়েছিলেন চিন্তাবিদ থিওডোর কৌলাম্বিস। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গ্রিসকে নতুন করে ১২০ বিলিয়ন ইউরো বা ১৭০ বিলিয়ন মার্কিন ডলার জরুরি অর্থ সহায়তা দেওয়ার বিনিময়ে অর্থনৈতিক সংস্কারের শর্ত দিয়েছে। গ্রিসের দেউলিয়াত্ব রোধ করা এবং ২০১৪ সাল পর্যন্ত তহবিলের জন্য এ অর্থ প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৩০৫ঘ.