মুম্বাই, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন গুঞ্জনের অবসান ঘটতে যাচ্ছে। অমিতাভ বচ্চন নিশ্চিত করেছেন, তিনি দাদা হতে যাচ্ছেন। অর্থাৎ, মা হচ্ছেন ঐশ্বরিয়া রাই।
বিয়ের চার বছর পার হলেও বচ্চন পরিবারে কোনো সন্তান না আসায় তা নিয়ে গুঞ্জন চলে আসছিলো বলিউডজুড়ে। ঐশ্বরিয়ায় মা হতে না পারার শঙ্কাও প্রকাশ করছিলেন অনেকে, যা নিয়ে সংবাদ মাধ্যমের সমালোচনাও করতে ছাড়েননি 'বিগ বি' মানে অমিতাভ।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার টুইটারে অমিতাভ নিজেই লিখেছেন পুত্রবধূর মা হতে যাওয়ার খবর। তিনি যে রীতিমতো রোমাঞ্চিত, তাও জানাতে ভুললেন না।
"খবর-খবর-খবর! আমি দাদা হতে যাচ্ছি। মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া। খুশির খবর, আমি রোমাঞ্চ অনুভব করছি", এ ছিলো অমিতাভের টুইটার বার্তা।
এ খবর জানানোর পর অভিনন্দন বার্তায় ভাসছে অমিতাভ পরিবার। বলিউড থেকে শুরু করে ভারতের বিভিন্ন পর্যায়ের মানুষ শামিল রয়েছেন এ দলে।
এক সময়ের মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া ২০০৭ সালে বিয়ে করেন বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারের ছেলে অভিষেককে। তাদের সে বিয়ে ছিলো ওই সময়ের আলোচিত একটি ঘটনা।
ঐশ্বরিয়ার পাশাপাশি অমিতাভ ও জয়ার একমাত্র ছেলে অভিষেকও অভিনয় করে যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০০০ ঘ.
bdnews24