জাকার্তা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বালি দ্বীপে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার এক ব্যক্তিকে আটক করেছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।
এছাড়া পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারী শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে জড়িত আরো দুই ব্যক্তিকেও আটক করা হয়েছে বলে বিবিসি জানায়।
ন্যাশনাল পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অ্যান্টন বাচরুল আলম জনান, গত ৯ জুন জাভা শহর থেকে বালি দ্বীপে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে হেরু কুনকোরোকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ওই বোমা হামলার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনেছিল কুনকোরো।
২০০২ সালের এ ঘটনায় ২০২ জন নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই ছিলেন বিদেশি পর্যটক।
সায়ানাইড দিয়ে পুলিশের ওপর হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে সম্প্রতি জাভা, বোর্নেও ও সুলাওয়েসি থেকে আটক ১৬ জনের মধ্যে কুনকোরো অন্যতম।
আলম জানান, শুক্রবার তারা পুলিশের ওপর হামলার পরিকল্পনার বিষয়ে নিশ্চিত হন।
তিনি বলেন, "জাভা ও বালিতে পুলিশের ক্যান্টিনে সরবরাহ করা খাবার ও পানিতে সায়ানাইড মেশানোর পরিকল্পনা করে তারা।"
আটককৃতদের কয়েকজন পুলিশকে জানায়, ২০১০ সালে সুলাওয়েসির পোসো পার্বত্য এলাকায় সেনাবাহিনীর আদলে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
তারা আরো জানায়, বোমা তৈরির বিশেষজ্ঞ নূরদিনের মতো শীর্ষ সন্ত্রাসীদের হত্যা করায় পুলিশের বিরুদ্ধে 'জিহাদ' করছে তারা।
ইন্দোনেশিয়ায় থাকা পশ্চিমাদের ওপর চালানো আত্মঘাতী বোমা হামলার বেশির ভাগ ঘটনার পরিকল্পনাকারী নূরদিন।
বালি দ্বীপে বোমা হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী ডুলমাটিনের সঙ্গে পালিয়ে ২০০৩ সালে কুনকোরো ফিলিপাইনে চলে যান। এরপর তারা এ হামলার সঙ্গে জড়িত অপর ব্যক্তি উমর পাটেকের সঙ্গে মিলে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জিহাদি প্রশিক্ষণ ক্যাম্প চালু করে।
গত বছর পুলিশের হামলায় ডুলমাটিন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৯ ঘ.
bdnews24