২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইয়েমেনেও ড্রোন হামলার পরিকল্পনা'

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের হত্যার লক্ষ্যে গোপন মিশন চালানোর পরিকল্পনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 04:40 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের হত্যার লক্ষ্যে গোপন মিশন চালানোর পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া বুধবার এ খবর জানায়। আল কায়েদার ইয়েমেনি শাখার সাম্প্রতিক হুমকি-ধামকির কারণে পাকিস্তানের আদলে ইয়েমেনেও চালকবিহীন বিমান (ড্রোন) হামলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আল কায়েদা ইয়েমেনি শাখা যুক্তরাষ্ট্রে কয়েক দফা হামলার চেষ্টা চালায়। আরব উপত্যকতায় আল কায়েদার এই শক্তিশালী শাখাটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত আনওয়ার আল-আওলাকি। ধারণা করা হয়ে আওলাকিও ইয়েমেনেই অবস্থান করছেন। এই পরিকল্পনা অনুযায়ী ইয়েমেনেও কাজ শুরু হলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তার প্রতিবেদনে জানিয়েছে। ২০০৯ সাল থেকে মার্কিন সেনাবাহিনী সিআইএর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়েমেনে বিভিন্ন অভিযান চালিয়ে আসছে। কিন্তু বর্তমানে সিআইএ নিজেই ইয়েমেনে পাকিস্তানের আদলে চালকবিহীন বিমান হামলা চালাতে যাচ্ছে। আর এটি হবে সুনির্দিষ্টভাবে হত্যার অভিযান। ইয়েমেনে বর্তমানে সরকারবিরোধী ব্যাপক আন্দোলন-বিক্ষোভ চলছে। এমন কি দেশটির শাসক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে হত্যারও চেষ্টা চালিয়েছিল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। ১১ দিন আগে প্রেসিডেন্ট প্রাসাদেই রকেট হামলার শিকার হন প্রেসিডেন্ট সালেহ। ওই হামলায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আহত হন। এরপরদিনই তিনি চিকিৎসার জন্য সৌদি আরব পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩১ ঘ.