ঢাকা, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জিসর আল সুগহোর শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। শহরটির দখল নিতে তাদের তুমুল লড়াই করতে হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম।
সিরীয় সেনাবাহিনীর সাথে থাকা বিবিসির এক প্রতিবেদক জানিয়েছেন, ভোরে সেনাবাহিনী শহরটিতে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন নিহত হয়েছে।
সিরীয় সরকারের দাবি, গত সপ্তাহে ১২০ জন সেনা নিহত হওয়ার পর তারা শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
শহরের অধিবাসীরা জানিয়েছে, কিছু সেনা সদস্য বিদ্রোহ করলে বিদ্রোহী সেনা ও সরকার অনুগত সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ১২০ সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের এই ঘটনা ঘটেছে।
সরকারের এই দমন অভিযানের কারণে রোববার শহরটির আতঙ্কিত শত শত অধিবাসী তুরস্ক সীমান্তের দিকে চলে যায়।
সিরিয়া-তুরস্ক সীমান্তে থাকা বিবিসির প্রতিনিধি জানান, রোববার বিকেলে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর শরণার্থীর সংখ্যা ৫০৫০ জন বলে জানিয়েছে। কিন্তু বেসরকারি হিসেব অনুযায়ী এ সংখ্যা আরো অনেক বেশি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তুর্কি সীমান্তে প্রায় দশ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।
তুর্কি সীমান্তের ভেতরে তিনটি শরণার্থী শিবিরের দুটি এরই মধ্যে শরণার্থীতে ভরে গেছে। অপরটিও দ্রুত ভরে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়ার মানবাধিকার আন্দোলনকারীরা ও স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, রোববার সকাল থেকে জিসর আল সুগহোর শহরে বোমাবর্ষণ করতে থাকে সেনা বাহিনী। এরপর প্রায় দুইশ' সামরিক যান নিয়ে তারা শহরের পূর্ব ও পশ্চিম দিক থেকে দ্বিমুখী আক্রমণ শুরু করে।
এসময় হেলিকপ্টার গানশিপগুলো আকাশে টহল দিতে থাকে।
বিবিসির বৈরুত প্রতিনিধি জিম মুয়ির জানান, মনে হচ্ছে বড় ধরনের কোন প্রতিরোধ ছাড়াই জনমানবশূন্য শহরটির পুনর্দখল নিয়েছে সেনাবাহিনী।
তবে সিরীয় সেনাদের সাথে থাকা বিবিসির আরব প্রতিনিধি নিশ্চিত করেছেন, রোববার ভোরে শহরটিতে ঢোকার মুখে সেনাদের সাথে বিরোধীদের সংঘর্ষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২২ ঘ.
bdnews24