২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি থালা ও বিছানা ছাড়া কিছু নেই: হাজারে

ভারতের মানবাধিকারকর্মী ও দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে বলেছেন, তার সম্পদের মধ্যে খাবারের জন্য একটি প্লেট ও ঘুমানোর একটি বিছানা ছাড়া আর কিছু নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 10:01 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মানবাধিকারকর্মী ও দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে বলেছেন, তার সম্পদের মধ্যে খাবারের জন্য একটি প্লেট ও ঘুমানোর একটি বিছানা ছাড়া আর কিছু নেই। দুর্নীতি বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বুধবার রাজঘাটে একদিনের অনশন শুরু করেন হাজারে। তখন সমবেতদের উদ্দেশে তিনি বলেন, "খাবারের জন্য একটি থালা ও ঘুমানোর জন্য একটি বিছানা ছাড়া আমার আর কিছু নেই। আমার কোনো ব্যাংক ব্যাল্যান্স নেই।" মহারাষ্ট্রের একটি মন্দিরে বাস করেন গান্ধীবাদী এ সমাজকর্মী। হাজারে বলেন, আহমেদনগর জেলায় নিজের গ্রামের বাড়িতে গত ৩৫ বছরে একবারও যাননি তিনি। "আমার তিন ভাই আছে। তাদের ছেলে-মেয়ের নাম আমার জানা নেই।" এতো কম ভোগের মধ্য দিয়ে জীবন-যাপন করেও অনেক সুখী আছেন বলে দাবি করেন হাজারে। নিজেকে 'একজন খুব সুখী ও পরিতৃপ্ত মানুষ' হিসেবে উল্লেখ করেন তিনি। হাজারে বলেন, দুর্নীতি বিরোধী লড়াইয়ের ফলে মহারাষ্ট্রের দুর্নীতিবাজ ছয় মন্ত্রী পদ হারিয়েছে। এছাড়া চারশ'র বেশি কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত হয়েছে। "বড় বড় গুন্ডার সঙ্গে আমি লড়াই করছি। মন্ত্রিত্ব হারানো এক ব্যক্তি আমাকে হত্যার জন্য সন্ত্রাসী ভাড়া করেছিলো।" ২৬ বছর বয়সে স্বামী বিবেকানন্দের একটি বই পড়ে জীবনের মোড় ঘোরে হাজারের। সে বিষয়ে হাজারে বলেন, "তখন আমি সিদ্ধান্ত নিই, কেবল দেশ ও সমাজের কল্যাণেই বেঁচে থাকতে হবে।" শুভ বোধ ও সততাই জীবনের বড় সম্পদ- বলেন হাজারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৪৭ঘ.