২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'২০১০ সালে বিশ্বে ৯০ শ্রমিক নেতাকে হত্যা করা হয়'

বিশ্বের বিভিন্ন অঞ্চলে শ্রমিক নেতারা প্রতিনিয়ত হত্যার হুমকীর মধ্যে বসবাস করছেন এবং এদের মধ্যে ২০১০ সালে নিহত হয়েছেন ৯০জন শ্রমিক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 08:53 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

জেনেভা, ০৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের বিভিন্ন অঞ্চলে শ্রমিক নেতারা প্রতিনিয়ত হত্যার হুমকীর মধ্যে বসবাস করছেন এবং এদের মধ্যে ২০১০ সালে নিহত হয়েছেন ৯০জন শ্রমিক নেতা। বুধবার আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে। বিশ্বব্যাপী জাতিসংঘের শ্রমিক সনদ লঙ্ঘণের ওপর ভিত্তি করে ওই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ২০১০ সালে বিশ্বব্যাপী শ্রমিক স্বাধীনতা কাঁটছাট করার প্রবণতা ও কর্মজীবীদের ওপর প্রশাসনিক খবরদারী বৃদ্ধি পায়। ট্রেড ইউনিয়ন কার্যক্রমের সাথে জড়িত শ্রমিকদের হত্যা ও নির্যাতনের এই বার্ষিক পরিসংখ্যানকে প্রতিবেদনে 'নির্মম রেকর্ড' বলে অভিহিত করা হয়। আইটিইউসি'র অভিযোগ, জীবনমান উন্নয়ন বা রক্ষার জন্য সংগ্রামরত মানুষের সাথে বিশ্বের অনেক সরকার ও প্রতিষ্ঠান সহিংস আচরণ করে থাকে। প্রতিবেদন আনুযায়ী, অধিকারের জন্য সংগ্রামরত শ্রমিক নেতাদের হত্যার শীর্ষে রয়েছে কলম্বিয়া। দেশটিতে ২০১০ সালে ৪৯ জন শ্রমিক নেতাকে হত্যা করা হয়। আরো ২০ জন নেতা হত্যা চেষ্টা থেকে কোনরকমে বেঁচে যান। তালিকায় এরপরের দেশটি হচ্ছে গুয়াতেমালা। দেশটিতে গতবছর সংগ্রামরত ১০জন শ্রমিক নেতাকে হত্যা করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়। অন্যান্য শ্রমিক নেতার খুনের ঘটনাগুলো বাংলাদেশ, ব্রাজিল, এল সালভাদর, হন্ডুরাস, পাকিস্তান, ফিলিপাইনস, সোয়াজিল্যান্ড এবং উগান্ডায় ঘটে বলে জানায় আইটিইউসি। আর ওই বছর ইরানে পেশায় শিক্ষক একজন ট্রেড ইউনিয়নকর্মীকে ন্যায়বিচারের প্রচলিত নীতি উপেক্ষা করে ফাঁসি দেওয়া হয় বলে আইটিইউসি জানায়। ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের পক্ষ থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিশ্বের ১৫১ টি দেশ ও অঞ্চলের ১৭ কোটি ৫০ লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করে ফেডারেশনটি। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ বছরের বার্ষিক শ্রমিক সম্মেলনে আলোচনার জন্য প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫০ ঘ.