২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালের সাধারণ নির্বাচনে বিরোধীদল জয়ী

পর্তুগালের সাধারণ নির্বাচনে প্রধানন্ত্রী হোসে সক্রাতেসের সোস্যালিস্ট পার্টিকে হারিয়ে মধ্যডানপন্থী দল পর্তুগাল সোস্যাল ডেমোক্রেটস (পিএসডি) বিজয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 06:56 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

লিসবন, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পর্তুগালের সাধারণ নির্বাচনে প্রধানন্ত্রী হোসে সক্রাতেসের সোস্যালিস্ট পার্টিকে হারিয়ে মধ্যডানপন্থী দল পর্তুগাল সোস্যাল ডেমোক্রেটস (পিএসডি) বিজয়ী হয়েছে। রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে ক্ষমতাসীন দলের পরাজয়ের কারণ হিসেবে ৭৮ বিলিয়ন ইউরোর 'পুনরুদ্ধার তহবিল' পরিকল্পনাকে দায়ী করা হচ্ছে। যার ফলে কঠোর ব্যয় সংকোচন নীতির মুখোমুখি হতো দেশটি। মার্চে সোস্যালিস্ট সরকারের পতনের পর যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয় এ নির্বাচনের ফলে তা শেষ হবে। ওই সময় সরকার প্রস্তাবিত কঠোর ব্যয় সংকোচন পরিকল্পনা পার্লামেন্টের অনুমোদন পেতে ব্যর্থ হলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হোসে সক্রাতেস। কিন্তু প্রেসিডেন্টের আহ্বানে নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সক্রাতেস। রোববারের নির্বাচনী ফলাফলে দেখা যায়, পর্তুগালের ২৩০ আসনের পার্লামেন্টে পিএসডি মোট ভোটের ৩৯ শতাংশ পেয়ে ১০৫ টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে সোস্যালিস্টরা জয়ী হয়েছে ৭৩টি আসনে আর রক্ষণশীল সিডিএস জয়ী হয়েছে ২৪টি আসনে। এরফলে সরকার গঠনে তাদের ঐহিত্যগত মিত্র পিএসডি ও সিডিএস মিলে সরকার গঠন করতে পারবে। পর্তুগালের চলমান অর্থনৈতিক সংকটের জন্য জনগণ ক্ষমতাসীন সোস্যালিস্টদের দায়ী করছে। নির্বাচনের ফলাফলেও বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। গত ছয় বছর ধরে পর্তুগালের ক্ষমতায় ছিল সোস্যালিস্ট পার্টি। তবে নির্বাচিত নতুন সরকারও অর্থনৈতিক সংকট মোকাবেলায় নতুন কিছু করতে পারবে না। এই সরকারকেও অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ও আইএমএফ থেকে অর্থ সাহায্য নিতে হবে। ভোটাররাও তা জানে। তবে তারা সরকারের পরিবর্তন চেয়েছে। জুলিও পিক্সোতো নামে ৪৩ বছর বয়সী এক ভোটার বলেন, "দেশকে হাঁটুর ওপর দাঁড় করিয়ে রেখে গেল সক্রাতেস"। বিশ বছর বয়সী আরেক ভোটার রিকার্ডো দেশের অধিকাংশ মানুষের মনোভাবের প্রতিধ্বনি করে বলেন, "নতুন সরকারকেও দেনার বাজনাই বাজাতে হবে। আমি মনে করি না নির্বাচন নতুন কিছু নিয়ে আসবে কারণ আইএমএফ-ই এখন দেশের ইনচার্জ। যে দলই ক্ষমতায় আসুক তাদের আইএমএফের নির্দেশনা অনুযায়ীই চলতে হবে"। নির্বাচনে জয়ী পিএসডির নেতা পাসোস কোয়েলহোর কথাতেও এমন সুরই ধ্বনিত হয়েছে। তিনি বলেছেন, তার সরকার ইউরোপিয়ান ইউনিয়ন ও আইএমএফের পুনরুদ্ধার তহবিলের শর্তাবলীর প্রতি পুরোপুরি দায়বদ্ধ থাকবে। পর্তুগালের আগে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত গ্রিস ও আয়ারল্যান্ডও অর্থনৈতিক দৈন্যের শিকার হয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও আইএমএফের পুনরুদ্ধার তহবিলের দারস্থ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫০ ঘ.