ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে হত্যা পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এই পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে রোববার এনডিটিভি এ খবর জানায়।
টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ ও পাঞ্জাবে অভিযান চালিয়ে ৪২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানের ইন্সস্টিটিউট অব মেডিকেল সায়েন্স পরিদর্শনকালে প্রেসিডেন্ট জারদারিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
সম্প্রতি জারদারির পিতা হাকিম আলি জারদারি মারা গেছেন। জীবনের শেষদিনগুলো তিনি এই ইন্সস্টিটিউটেই চিকিৎসাধীন ছিলেন।
এ ছাড়া সিন্ধু প্রদেশের নওয়াব শাহ শহরেও জারদারিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়।
তবে জারদারিকে হত্যার পরিকল্পনা সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এরআগে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছিলেন, তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলোর কাছ থেকে প্রেসিডেন্ট জারদারি মৃত্যুর হুমকি পেয়েছেন।
নিরাপত্তার কারণে প্রেসিডেন্ট জারদারি সচরাচর জনসম্মুখে আসেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৩ ঘ.
bdnews24