ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের প্রাসাদে হামলায় আহত ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ চিকিৎসার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদ গেছেন। কিন্তু সানা থেকে তার এ বিদায় কি চিরতরের তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
তিউনিসিয়া ও মিশরের গণআন্দোলনে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় জানুয়ারিতে ইয়েমেনে সরকার পতনের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে মধ্যস্থতা করতে আসে উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)।
জিসিসির দেওয়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রস্তাব সালেহ তিনবার মেনে নিলেও শেষ পর্যন্ত তাতে সই করেননি।
তার সহকারি ভাইস প্রেসিডেন্ট আবেদ র্যাব্বু মনসুর হাদি ইতোমধ্যেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় সালেহর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আরো জোরালো হয়েছে।
সৌবি আরবের রাজনৈতিক বিশ্লেষক খালিদ আল-দাখিল মনে করেন, নির্বাসনে যাওয়ার সিদ্ধান্ত না নিলে রিয়াদ আসতেন না ইয়েমেনি প্রেসিডেন্ট।
তিনি বলেন, "পার্লামেন্টের স্পিকার, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এখানে থাকায় কার্যত সরকারই এখানে। এটা আলী আব্দুল্লাহ সালেহর ক্ষমতা থেকে সরে যাওয়ার আয়োজনকে সহযোগিতা করবে।"
সৌদি আরবের অবস্থান
প্রভাবশালী প্রতিবেশি ও মিত্র দেশ সৌদি আরব কী অবস্থান নেবে তার ওপরও সালেহর ভাগ্য অনেকাংশে নির্ভর করছে। এ দেশটিই ইয়েমেনকে সবচেয়ে বেশি অর্থ ও সামরিক সহায়তা দেয়।
সালেহ সৌদি আরবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলে গণবিক্ষোভের মুখে দেশটিতে আশ্রয় গ্রহণকারী হিসেবে দ্বিতীয় আরব নেতা হবেন তিনি। এর আগে ১৪ জানুয়ারি রাতে বিক্ষোভের মুখে সপরিবারে দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলী।
ইয়েমেনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মুনীর আল মাওরি আল জাজিরাকে বলেন, ইয়েমেনে বোধ হয় সালেহ অধ্যায়ের সমাপ্তি ঘটছে।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এরইমধ্যে ইয়েমেনের ভাইস প্রেসিডেন্টকে (আবেদ র্যাব্বু মনসুর হাদি) ফোন করেছেন। ইয়েমেনে তার হাতে ক্ষমতা যাওয়ার ইঙ্গিত এটা।"
"যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা ছাড়ার জন্য সালেহর প্রতি আহ্বান জানিয়েছিলো। আমার মনে হয়, এখন সেটাই ঘটছে।"
তিনি বলেন, "আমার ধারণা, সৌদি কখনো তাকে ইয়েমেনে ফিরতে দেবে না। কারণ সেখানে তাদের স্বার্থ রয়েছে।"
নির্বাসিত জীবন
সব ধরনের চেষ্টা সত্ত্বেও সালেহকে নির্বাসিত জীবনে যেতে হচ্ছে। তাতে বিস্মিত হওয়ার মতোও কিছু থাকছে না।
দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর কঠোর চাপের মুখেই সম্ভবত দেশ ছেড়েছেন সালেহ।
সালেহর ৩৩ বছরের শাসনাবসানের দাবিতে চার মাসের বিক্ষোভ-সহিংসতায় কয়েকশ' মানুষের প্রাণহানির পর এখন সেখানকার পরিস্থিতি শান্ত হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24