রিয়াদ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলায় আহত আলী আব্দুল্লাহ সালেহ চিকিৎসার জন্য সৌদি আরবে গেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, এর মধ্য দিয়ে ইয়েমেনে সালেহর তিন দশকের শাসনাবসানের একটি সম্মানজনক পথ তৈরি হলো।
সৌদি রয়েল কোর্ট রোববার জানায়, একটি সৌদি বিমানে করে রিয়াদে পৌঁছান সালেহ। পরিবারের ৩৫ সদস্যও তার সঙ্গে রয়েছেন।
প্রেসিডেন্ট প্রসাদে ওই হামলায় আহত সালেহর প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারসহ মোট ছয়জন চিকিৎসার জন্য সৌদি আরবে যান।
শনিবার রাতে ইয়েমেন সরকারের মুখপাত্র আব্দু গানাদির বরাত দিয়ে সিএনএনের এক খবরে বলা হয়, সালেহ তার ভাইস প্রেসিডেন্ট আবেদ র্যাব্বো মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সশস্ত্র বাহিনীরও দায়িত্ব নিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলায় আহত হন প্রেসিডেন্ট সালেহ। ওই হামলায় সাতজন নিহত এবং প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন আহত হন।
সৌদি আরবের এক কর্মকর্তা জানান, সালেহ মুখ, ঘাড় ও মাথায় আঘাত পেয়েছেন।
এদিকে সালেহর সৌদি আরবে যাওয়ার খবরে ইয়েমেনের রাজধানী সানায় উৎসব করছে বিরোধী পক্ষ।
স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে বলেন, "সালেহ আর ফিরে আসবে না- এটা নিশ্চিত হতে পারলে আমাদের আনন্দ সম্পূর্ণ হবে।"
দক্ষিণাঞ্চলীয় শহর তাইজেও উৎসব হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
ইয়েমেনে সালেহর পদত্যাগের দাবিতে গত চার মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত সপ্তাহে সালেহকে ক্ষমতাচ্যুৎ করতে রাজপথে নামে বিভিন্ন গোত্রের সশস্ত্র সদস্যরা।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের মাঝে শুক্রবার জুমার নামাজের পর প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলা হয়।
সৌদি আরবের কর্মকর্তারা বলেছেন, ইয়েমেনে সালেহপন্থীদের সঙ্গে সরকারবিরোধী বিভিন্ন গোত্রের অস্ত্রবিরতির জন্য মধ্যস্থতা করছে রিয়াদ। গত কয়েক দিন ধরে সানায় টানা গোলাগুলি চললেও শনিবার রাতে পরিস্থিতি অনেকটা শান্ত ছিলো।
এর আগে ইয়েমেন পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার চেষ্টা চালায় উপসাগরীয় দেশগুলো। পদত্যাগ করলে বিচারের মুখোমুখি হতে হবে না- এমন শর্ত দিয়ে সালেহকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেয় তারা।
সরকারবিরোধীরা ওই চুক্তি মেনে নেয়। কিন্তু তিনবার সম্মতি দিয়েও চুক্তিতে সই করেননি সালেহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/জেকে/১৬৪০ ঘ.
bdnews24