সানা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রাসাদে গোলা হামলায় আহত হওয়া ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
চিকিৎসার জন্য সালেহ প্রতিবেশি দেশ সৌদি আরবে গেছেন- আল আরাবিয়া টেলিভিশনে সম্প্রচারিত এমন খবর নাকচ করেছেন ইয়েমেনি ও সৌদি আরব কর্মকর্তারা।
ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, "সালেহ এখনো সানাতেই আছেন। তিনি মাথায় সামান্য আঘাত পেয়েছেন এবং মুখেও আঘাত লেগেছে বলে আমার ধারণা।"
সালেহ সৌদি আরবে যাননি বলে এক সৌদি কর্মকর্তাও নিশ্চিত করেন।
ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারসহ মোট ছয়জন কর্মকর্তা চিকিৎসার জন্য সৌদি আরব গিয়েছেন।
শুক্রবার রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদে গোলা হামলায় সাতজন নিহত হওয়ার পাশাপাশি সালেহসহ বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন।
আদিবাসী সংগঠন হাশেদ ট্রাইবাল ফেডারেশন ওই হামলা চালায় বলে দাবি করেছেন প্রেসিডেন্ট সালেহ। তকে ক্ষমতাচ্যুৎ করতে ইয়েমেনের রাজপথে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে আদিবাসীরা।
প্রেসিডেন্ট সালেহর পদত্যাগের দাবিতে চার মাস ধরে চলমান আন্দোলন থামাতে মধ্যস্থতা করে উপসাগরীয় দেশগুলো। পদত্যাগ করলে বিচারের মুখোমুখি হতে হবে না- এমন শর্ত দিয়ে সালেহকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেয় তারা।
বিরোধীরা ওই চুক্তি মেনে নেয়। তিনবার সম্মতি দিয়েও চুক্তিতে সই করেননি সালেহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/পিডি/২২৪৭ ঘ.
bdnews24