২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন 'ডা. ডেথ' কেভোরকিয়ান

স্বেচ্ছামৃত্যুতে সহায়তাকারী 'ডাক্তার ডেথ' হিসেবে পরিচিত জ্যাক কেভোরকিয়ান মারা গেছেন। শুক্রবার মিশিগানের বোমন্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে তার আইনজীবী মেয়ার মর্গানরথ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 06:41 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ডেট্রয়েট, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বেচ্ছামৃত্যুতে সহায়তাকারী 'ডাক্তার ডেথ' হিসেবে পরিচিত জ্যাক কেভোরকিয়ান মারা গেছেন। শুক্রবার মিশিগানের বোমন্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে তার আইনজীবী মেয়ার মর্গানরথ জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। আরোগ্যেলাভের আর সম্ভাবনা নেই এমন রোগীদের মৃত্যুবরণে সহায়তার কারণে 'ডাক্তার ডেথ' হিসেবে পরিচিতি পান কেভোরকিয়ান। এ কারণে তাকে কারাগারেও যেতে হয়। ১৯৯০ সালে আলঝেইমারে আক্রান্ত ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত্যুবরণে সহায়তা করে সর্বপ্রথম পরিচিত পান তিনি। যেসব মৃত্যুতে তিনি সহায়তা করেছেন তার অধিকাংশই করা হয়েছে কেভোরকিয়ানের তথাকথিত মার্সি মেশিনের মাধ্যমে। এ মেশিন দিয়ে শিরার মধ্যে লিথেল প্রবেশ করিয়ে দেওয়া হত। ধারণা করা হয় অন্ততপক্ষে ১৩০ জন রোগীকে আত্মহত্যায় সহায়তা করেছেন কেভোরকিয়ান। এ অভিযোগে আট বছর কারাভোগের পর ২০০৭ সালে তিনি ছাড়া পান। কারাবন্দি থাকা অবস্থায় জ্যাক অঙ্গীকার করেন, মুক্তি পেলে তিনি এ ধরনের কাজ আর করবেন না। স্বেচ্ছামৃত্যুর অধিকার নিয়ে আন্দোলনকারী কেভোরকিয়ান কারামুক্তির পর বিবিসিকে তিনি জানান, আত্মহত্যায় সহায়তা করার জন্য তার ভেতরে কোনো আক্ষেপ নেই। মর্গানরথ জানান, নিউমোনিয়া ও কিডনি সমস্যার কারণে গত মাস থেকে হাসপাতালে ভর্তি ছিলেন কেভোরকিয়ান। এ ছাড়া সম্প্রতি তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে। ২০১০ সালের জুনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কেভোরকিয়ান জানান, যে কারোর চেয়ে তার ভেতরে মৃত্যুভীতি অনেক বেশিমাত্রায় ছিল। বিশ্বে স্বেচ্ছামৃত্যুতে সহায়তা সম্পর্কে জটিলসব ধারণা বিদ্যমান। কেভোরকিয়ান বলেন, "আমরা যদি মানুষকে পৃথিবীতে জন্ম নেওয়ার ব্যাপারে সহায়তা করতে পারি তবে মৃত্যুতে নয় কেন?" বর্তমানে আমেরিকার ওয়াশিংটন ও অরেগনসহ তিনটি অঙ্গরাজ্যে চিকিৎসকের সহায়তা নিয়ে মৃত্যুবরণ করাকে বৈধতা দেওয়া হয়েছে। তবে তা শুধুমাত্র দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, জীবনযাপন যার জন্য দুর্বিষহ এমন ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/১২৩৩ ঘ.