জেনেভা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় গৃহযুদ্ধের সময়কার ভিডিও ফুটেজে 'মারাত্মক আন্তর্জাতিক অপরাধ' এর বিশ্বসযোগ্য প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টফ হেইন্স।
ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশন শ্রীলংকা যুদ্ধের এ ভিডিও ফুটেজ প্রকাশ করে।
সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে মৃত্যুদ- দেওয়ার এ ভিডিও ফুটেজগুলোকে আন্তর্জাতিক অপরাধের বিশ্বাসযোগ্য আলামত বলে উল্লেখ করেন হেইন্স।
'লিবারেশন টাইগারস অব তালিম ইলম' (এলটিটিই) এর সঙ্গে শীলংকা সরকারের যুদ্ধের শেষ পর্যায়ে কয়েক হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। এ যুদ্ধে শীলংকা সরকারের জয়ের মধ্য দিয়ে দেশটিতে ২৫ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।
ওই যুদ্ধে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য শীলংকা সরকার ও এলটিটিই একে অপরকে দায়ী করে আসছে।
যুদ্ধে কিছু সাধারণ মানুষ নিহত হয়েছে বলে স্বীকার করলেও নিহতদের সংখ্যা এলটিটিই সমর্থকরা বাড়িয়ে বলছে বলে দাবি করে আসছে শ্রীলংকা সরকার।
ব্রিটিশ টেলিভিশনের প্রকাশিত ভিডিও ফুটেজও ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে শ্রীলংকা। তারা জাতিসংঘের সমালোচনার জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
ভিডিওতে দেখা গেছে, পেছনে হাত বাঁধা নগ্ন কিছু মানুষকে নিহত নারী-পুরুষের মৃতদেহের স্তুপের সামনে সার বেধে দাঁড় করিয়ে মেরে ফেলা হচ্ছে।
জাতিসংঘ দূত এ ভিডিওকে আন্তর্জাতিক অপরাধের বিশ্বাসযোগ্য আলামত হিসাবে উল্লেখ করায় শ্রীলংকা নতুন করে যুদ্ধাপরাধের আন্তর্জাতিক তদন্ত মেনে নেওয়ার চাপে পড়লো।
গত বছরের শেষ দিক থেকে ভিডিও ফুটেজটি জাতিসংঘ খতিয়ে দেখছে।
বিচার বহির্ভুত হত্যাকান্ড, সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদন্ড এবং গণহত্যা সংক্রান্ত জাতিসংঘের বিশেষ তদন্তকারী ক্রিস্টফ হেইন্স জেনেভায় মানবাধিকার পরিষদকে বলেন, "আমি বিশ্বাস করি গুরুতর আন্তর্জাতিক অপরাধের প্রাথমিক প্রমাণাদি পাওয়া গেছে।"
প্রাপ্ত তথ্য-প্রমাণ একটি আন্তর্জাতিক প্যানেলের খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তবে 'গুরুতর আন্তর্জাতিক অপরাধ' বলতে তিনি কি বুঝিয়েছেন তা পরিষ্কার করেননি হেইন্স; তবে এটি 'যুদ্ধাপরাধ' অথবা 'মানবতার বিরুদ্ধে অপরাধ' হতে পারে।
আলোচিত ভিডিওটি এর আগে জাতিসংঘের পরীক্ষা করা এক মিনিটের একটি ভিডিওর পাঁচ মিনিটের সংস্করণ। হেইন্স বলেন, দীর্ঘ এই সংস্করণে প্রথমটি থেকে আরো অনেক খুঁটিনাটি বিষয় বেরিয়ে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৭ঘ.
bdnews24