২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্লাদিচকে ৪ দিনের মধ্যে হেগ-এ পাঠাতে পারে সার্বিয়া

গণহত্যার অভিযোগে বিচারের জন্য সাবেক বসনিয় সার্ব সেনাপ্রধান রাতকো ম্লাদিচকে ৪ দিনের মধ্যে হেগ এর যুদ্ধাপরাধ আদালতে পাঠাতে পারে সার্বিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

বেলগ্রেড, সার্বিয়া, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গণহত্যার অভিযোগে বিচারের জন্য সাবেক বসনিয় সার্ব সেনাপ্রধান রাতকো ম্লাদিচকে ৪ দিনের মধ্যে হেগ এর যুদ্ধাপরাধ আদালতে পাঠাতে পারে সার্বিয়া। ১৬ বছর পলাতক থাকার পর ম্লাদিচ গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে সার্বিয়ায় চলমান বিক্ষোভ-সহিংসতার মধ্যেও তাকে হেগ এ স্থানান্তরের এ সম্ভাবনার কথা সোমবার জানিয়েছেন বিচার বিভাগের এক কর্মকর্তা। ম্লাদিচের বিরুদ্ধে বসনিয়া যুদ্ধের সময় (১৯৯২-৯৫) ৪৩ মাস সারায়েভো অবরুদ্ধ করে রাখা এবং স্রেব্রেনিৎসায় ৮ হাজার মুসলমানকে নির্বিচারে হত্যা করার অভিযোগ রয়েছে। ম্লাদিচের আইনজীবীরা বলছেন, ৬৯ বছর বয়স্ক ম্লাদিচ মানসিক অবস্থা স্থিতিশীল নয়। শারীরিকভাবেও তিনি অনেক দুর্বল। এ অবস্থায় আদালতের কাঠগড়ায় দাঁড়াতে তিনি অক্ষম। কিন্তু বেলগ্রেড আদালত শুক্রবার এক রায়ে ঘোষণা করেছে, ম্লাদিচ বিচারের মুখোমুখি হতে সক্ষম। ম্লাদিচের আইনজীবীরা এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন। সার্বিয়ার স্টেট সেক্রেটারি স্লেবোদান হোমেন বলেন, ম্লাদিচকে হস্তান্তরের চূড়ান্ত রায় বিচার মন্ত্রণালয়কে জানাতে হবে আপিল বিভাগকে। এ প্রক্রিয়া শেষ হতে চারদিনের মতো লাগতে পারে। সোমবার ম্লাদিচের ছেলে দারকো তার বাবাকে নিদোর্ষ বলে দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২১৫৭ ঘ.