২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের হেরাত-এ আত্মঘাতী হামলায় নিহত ৪

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে একটি ইতালি সামরিক ঘাঁটি ও সরকারি ভবনের কাছে তালেবান জঙ্গিদের দু'দফা আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

হেরাত, আফগানিস্তান, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে একটি ইতালি সামরিক ঘাঁটি ও সরকারি ভবনের কাছে তালেবান জঙ্গিদের দু'দফা আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। হেরাতের প্রাদেশিক পুলিশ প্রধান সায়েদ আকা সাকিব বলেন, হেরাতের কেন্দ্রস্থলে পরিবহন দপ্তরের একটি ভবন ও বাস স্টপের কাছে এবং হেরাতের উপকন্ঠে একটি ইতালি সামরিক ঘাঁটির বাইরে হামলা হয়েছে। হেরাতের গভর্নর দাউদ সাবা জানান, ইতালি সামরিক ঘাঁটির প্রবেশপথে এক আত্মঘাতী হামলাকারী ছোট্ট একটি ট্রাক বিস্ফোরণ ঘটিয়েছে। আরো দু-চারজন হামলাকারী কাছের একটি ভবনের ভেতর থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন আরেক পুলিশ কর্মকর্তা গুলাম ফারুক বলেছেন, হামলায় ৩৭ জন আহত হয়েছে। হতাহতরা বেসামরিক নাগরিক। তবে হামলার পর ইতালীয় ঘাঁটি থেকে তোলা রয়টার্সের ছবিতে ইউনিফর্মধারী একজনকে আহত অবস্থায় দেখা গেছে। তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। ওই হামলাস্থলে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) ইতালীয় সেনা উপস্থিতি রয়েছে। তবে আইএসএএফ তাৎক্ষণিকভাবে তাদের কেউ হতাহত হওয়ার খবর জানায়নি। তালেবান মুখপাত্র ক্বারি ইউসুফ আহমাদি বলেছেন, চার আত্মঘাতী হামলাকারী হামলা দুটি চালিয়েছে। ইরানের সীমান্তবর্তী হেরাত প্রদেশটি সাধারণভাবে শান্তিপূর্ণ হওয়ায় সেখানে এ জোড়া হামলার ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/১৮৫৩ ঘ.