ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার নির্ধারিত সীমার মধ্যে বেঁধে রাখার বিষয়ে বিজ্ঞানীদের সতর্কবাণী উপেক্ষা করে গত বছর এ যাবৎকালের সবচেয়ে বেশি কার্বন গ্যাস নিঃসরণ করেছে পৃথিবীর মানুষ। ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচার পথ ক্রমশ সঙ্কুচিত হয়ে আসছে।
আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) একটি অপ্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
আইইএর তথ্য অনুযায়ী, গত বছর রেকর্ড ৩০ দশমিক ৬ গিগাটন কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে মিশেছে, যা ২০০৯ সালের চেয়ে ১ দশমিক ৬ গিগাটন বেশি। আর এর পেছনে সবচে বড় ভূমিকা রেখেছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার।
আইইএর প্রধান অর্থনীতিবিদ ফাতিহ বিরোল বলেন, জলবায়ুর পরিবর্তন ঠেকাতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনার কথা বলে আসছিলেন বিজ্ঞানীরা। কিন্তু ২০১০ এর তথ্য পাওয়ার পর মনে হচ্ছে- এটা কেবলই একটি সুন্দর স্বপ্ন।
তার মতে, ২০০৭-২০০৯ সময়ে বিশ্ব ৮০ বছরের মধ্যে সবচে মারাত্মক অর্থনৈতিক মন্দার মধ্যে পড়লেও গ্রিন হাউস গ্যাস নিসরণের ওপর এর প্রভাব পড়েছে সামান্যই।
বিরোল গার্ডিয়ানকে বলেন, "আমি দারুণ শঙ্কিত। কার্বন গ্যাস নিঃসরণের বিষয়ে এটাই সবচে খারাপ খবর। এরপর উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রীর মধ্যে সীমাবদ্ধ রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আমি সামনে অন্ধকার দেখছি।"
লন্ডন স্কুল অব ইকোনোমিকসের অধ্যাপক লর্ড স্টার্ন বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে পরিণতি হবে ভয়াবহ।
জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তঃসরকার প্যানেল এর আগে পূর্বাভাস দিয়েছিল- বর্তমান হারে কার্বন গ্যাস নিঃসরণ চলতে থাকলে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের তামপাত্রা হবে এখনকার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
লর্ড স্টার্ন বলেন, "বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়লে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে। বহু মানুষ বাস্তুচ্যুত হবে, পৃথিবী হয়ে উঠবে সংঘাতময়।"
অবশ্য বিশ্ব নেতারা একমত হয়ে এই মুহূর্ত থেকে চেষ্টা শুরু করলেও পৃথিবীকে এই মহা দুর্যোগের হাত থেকে বাঁচানো সম্ভব বলে বিশ্বাস করেন বিরোল।
আইইএর এই কর্মকর্তা বলেন, "আমরা যদি সাহসের সঙ্গে দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত নিতে পারি এবং এখুনি কাজে নামি তাহলে বেঁচে যাওয়ার একটা সুযোগ এখনো আছে।"
আইইএর হিসাব অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সবচে ক্ষতিকর প্রভাব এড়াতে হলে ২০২০ সাল নাগাদ কার্বন গ্যাস নিঃসরণের পরিমাণ বছরে ৩২ গিগাটনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। কিন্তু ২০১০ সালের হারে কার্বন নিঃসরণ চলতে থাকলে উষ্ণতা বৃদ্ধির সেই ২ ডিগ্রির সীমা পার হয়ে যাবে নির্ধারিত সময়ের নয় বছর আগেই।
আইইএ বলছে, ২০২০ সালে যেসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সক্রিয় থাকবে তার ৮০ শতাংশ এরমধ্যেই তৈরি হয়েছে, বা নির্মাণাধীন রয়েছে। এগুলোর বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে এবং খুব সম্ভবত চলতি শতকের মাঝামাঝি সময় পর্যন্ত কার্বন গ্যাস নিঃসরণ চালিয়ে যাবে। এই সময়ে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে মোট ১৩ দশমিক ৭ গিগাটন কার্বন গ্যাস নিঃসরণ বাতাসে মিশবে। এর মধ্যে প্রায় ১১ দশমিক ২ গিগাটন কার্বন গ্যাস আসবে জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই।
"এর মানে হলো, আমাদের আশার আলো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে", বলেন বিরোল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৮০৬ ঘ.
bdnews24