২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যস্থতাকারীর ভূমিকা চায় রাশিয়াত্রিপোলিতে ন্যাটোর বিমান হামলা অব্যাহত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে টানা পাঁচরাত ধরে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 07:02 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ত্রিপোলি, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে টানা পাঁচরাত ধরে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। সেইসঙ্গে রাশিয়াও লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো পশ্চিমা দেশগুলোর সাথে যোগ দিয়েছে। এরফলে লিবিয়ায় ন্যাটোর বিমান হামলা আরো গতি পাবে বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত ১২ টার পর শনিবার রাতে রাজধানী ত্রিপোলির বিভিন্ন লক্ষ্যস্থলে ন্যাটো বিমান হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়। হামলার পর শহর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। গাদ্দাফির বাব আল আজিজিয়া কম্পাউন্ডের কাছাকাছি অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে বলে খবরে দাবি করা হয়। ন্যাটোর রাতভর ওই বিমান হামলায় ত্রিপোলির দক্ষিণাঞ্চলীয় মিজদার নিকটবর্তী এলাকায় ভৌত অবকাঠামোর ক্ষয়ক্ষতিসহ মানুষ হতাহতের ঘটনা ঘটেছে বলেও টেলিভিশন প্রচারিত খবরের বরাত দিয়ে আল জাজিরা জানায়। এরআগে শুক্রবার ফ্রান্সের দুভিলে জি-এইট এর শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি এ ক্ষেত্রে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে সম্মত রয়েছে বলে জানানোর কয়েক ঘণ্টা পরই ত্রিপোলিতে এই ন্যাটোর বিমান হামলা শুরু হয়। সাংবাদিকদের মেদভেদেভ বলেন, গাদ্দাফির "সরে দাঁড়ানো উচিত"। মেদভেদেভ আরো বলেন, "গাদ্দাফি যদি লিবিয়া ও জনগণের স্বার্থ রক্ষিত হবে এমন কোনো সিদ্ধান্ত নেন তবে তার বিদায় নেয়ার ধরন সম্পর্কে আলোচনা হতে পারে।" লিবিয়ার অচলাবস্থা নিরসনে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে আফ্রিকান ইউনিয়ন, তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতার উদ্যোগ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছেন গাদ্দাফি। আর দেশটির বিরোধীপক্ষও এ ব্যাপারে ছাড় দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। রাশিয়া এরআগে লিবিয়ায় ন্যাটোর হামলার তীব্র সমালোচনা করেছিল। কিন্তু এরপরও রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা নিলেও লিবিয়ার পরিস্থিতি তেমন পাল্টাবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা । এ প্রসঙ্গে আরব লিগের সেক্রেটারি জেনারেল আমর মুসা বলেন, "তাকে (গাদ্দাফি) যতটুকু জানি, আমি মনে করি না সে ক্ষমতা থেকে সরে দাঁড়াবে।" রাশিয়ার এই প্রস্তাব আরো আগে আসা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন লিবিয়ার বিদ্রোহীপক্ষের মুখপাত্র এবং জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের ভাইস-প্রেসিডেন্ট আবদেল হাফিদ গোগা। তিনি বলেন, "অনেক দেরি হয়ে গেছে, এখন আর বড় ধরনের চুক্তি সম্ভব নয়।" তবে, রাশিয়ার এই অবস্থানকে আরব বিশ্বের গণআন্দোলনপরবর্তী সময়ে খানিকটা প্রভাব তৈরির প্রচেষ্টা বলেই কোনো কোনো বিশ্লেষক মনে করেন। এরআগে, লিবিয়া সরকারের পক্ষ থেকে অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া হলেও তা বিশ্বাসযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামাও সম্প্রতি বলেছেন, গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানোর অভিযানের শেষ না দেখে তিনি ছাড়বেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৫ ঘ.