ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত করার আগে প্রতিটি দেশের সেনাবাহিনীর মানবাধিকার 'রেকর্ড' খতিয়ে দেখার সুপারিশ করেছেন জাতিসংঘের একজন পর্যবেক্ষক।
নিউইয়র্কে আদিবাসী বিষয়ক জাতিসংঘের স্থায়ী ফোরামে (ইউএনপিএফআইআই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দশম অধিবেশনের দ্বাদশ ও ত্রয়োদশ বৈঠকে ফোরামের সাবেক সদস্য লার্স-অ্যান্ডার্স বায়ের এ সুপারিশ করেন বলে জাতিসংঘের ওয়েবসাইটে জানানো হয়।
১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে তিনি বলেন, "ওই অঞ্চল এখনো সেনা অধ্যুষিত। সেনা সদস্যদের মাধ্যমে সেখানে আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে তথ্য রয়েছে।"
ওই এলাকায় দোষীরা পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।
ইউএনপিএফআইআই- এর সাবেক সদস্য লার্স অ্যান্ডার্স বায়ের গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা ও পার্বত্য এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে ' ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি' শিরোনামে ওই প্রতিবেদন তৈরি করেন।
ফোরামের নবম অধিবেশনে বাংলাদেশের ওপর প্রতিবেদনটি তৈরির দায়িত্ব পান তিনি।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যনির্বাহী পর্ষদকে বায়ের প্রস্তাব দিয়েছেন, "কোনো দেশের সেনা সদস্যদের জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের অনুমোদন দেওয়ার আগে অবশ্যই তাদের মানবাধিকার ইতিহাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।"
চলতি বছর ১৮ ফেব্র"য়ারি উপস্থাপিত ওই প্রতিবেদনে স্থায়ী ফোরামের দ্বাদশ অধিবেশন আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কৌশলগত আলোচনা আয়োজনেরও সুপারিশ করা হয়।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় ১১টি আদিবাসী গোষ্ঠী রয়েছে।
সেখানকার ৫০০ অস্থায়ী সেনা ক্যাম্পের মধ্যে ২০০৭ সাল পর্যন্ত প্রথম দফায় ২০০টি প্রত্যাহার করা হয়। এরপর গত অগাস্ট ও সেপ্টেম্বরে প্রত্যাহার করা হয় আরো ৩৪টি। তবে ছয়টি স্থায়ী সেনানিবাস এখনো সেখানে রয়েছে।
অবশ্য বাংলাদেশ সরকারের দেওয়া এ তথ্যের সঙ্গে একমত নন অ্যান্ডার্স বায়ের। তিনি বলেছেন, সরকারের এই তথ্য অন্য প্রতিবেদনের সঙ্গে মেলে না। সবগুলো অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের জন্য সময়সীমা বেঁধে দেওয়ারও সুপারিশ করেন তিনি।
১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে হওয়া শান্তি চুক্তির মধ্য দিয়ে ওই এলাকায় পাহাড়ি ও সেনা বাহিনীর মধ্যে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটে।
বায়ের বলেন, "এই ফোরামে বিষয়টি নিয়ে বহুবার আলোচনা হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের ওপর নির্যাতন বেড়েই চলছে।"
শান্তিচুক্তি বাস্তবায়নে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে সরকার ওই চুক্তি করেছিলো তাদের রাজনৈতিক অভিলাসের কারণে চুক্তির মূল বিষয়গুলোর বাস্তবায়ন উপেক্ষিত রয়ে গেছে।
ইউএনপিএফআইআই-এর এবারের সম্মেলনে একটি আদিবাসী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চাকমা রাজা দেবাশীষ রায়। তিনি জাতিসংঘ ফোরামে ২০১১-১৩ সালের জন্য নির্বাচিত একজন বিশেষজ্ঞ সদস্য।
গত ১৬ মে শুরু হওয়া ১২ দিনব্যাপী এ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধিদলের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়।
শান্তি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে রাজা দেবাশীষ রায় বলেন, "দেশে স্থিতিশীলতা রক্ষা এবং গণতন্ত্রের বিকাশের স্বার্থেই সেনা প্রত্যাহার জরুরি।"
এশিয়া ইনডিজেনাস পিপলস ককাসের আদিবাসী প্রতিনিধি রুক্কা সমবলিঙ্গি পার্বত্য চট্টগ্রাম থেকে অবিলম্বে সব ধরনের সেনা স্থাপনা প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ সেনাবাহিনীর এক তৃতীয়াংশ সদস্যই ওই এলাকায় রয়েছে- এমন তথ্যে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, "... অথচ সেখানে যুদ্ধ হচ্ছে না, বড় ধরনের কোনো সন্ত্রাসী তৎপরতাও সেখানে নেই।"
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মঙ্গল কুমার চাকমা বলেন, রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানেই সে সময় শান্তি চুক্তি করা হয়েছিলো। কিন্তু ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত সময়ে চুক্তির খুব সামান্যই বাস্তবায়ন হয়েছে।
বাংলাদেশের উন্নয়ন অংশীদার দেশগুলোর অন্যতম ডেনমার্কের স্টিন হানসেন বলেন, আদিবাসীদের অধিকার রক্ষায় তারা প্রতিশ্র"তিবদ্ধ। তার দেশের পররাষ্ট্রনীতিতে এ বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়।
তিনি বলেন, "শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে ওই এলাকায় ফের অস্থিরতা দেখা দিতে পারে।"
অধিবেশনে স্যামি কাউন্সিলের প্রতিনিধিত্বকারী নাইকো ভলকেয়াপা গত কয়েক বছরে পার্বত্য চট্টগ্রামে হওয়া সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
নর্থ আমেরিকা ইনডিজেনাস পিপলস' ককাসের প্রতিনিধি সেলেস্ট মেকায়ও পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের দাবি জানান।
অবশ্য জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি ইকবাল আহমেদ অভিযোগ অস্বীকার করার পাশাপাশি বায়েরের দেওয়া প্রতিবেদন প্রত্যাখান করেন।
বাংলাদেশে কোনো আদিবাসী নেই দাবি করে তিনি বলেন, এই কারণে শান্তি চুক্তি নিয়ে এই ফোরামে আলোচনার কোনো অবকাশও নেই।
বায়েরের প্রতিবেদনকে দুঃখজনকভাবে 'একতরফা' উল্লেখ করে তিনি বলেন, এতে অ-আদিবাসী বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন করছে- প্রতিবেদনের এ অভিযোগ নিয়ে কোনো মন্তব্য না করলেও সেনা ক্যাম্প প্রত্যাহারের তথ্য জানান তিনি।
জাতিসংঘের বাইরে বিক্ষোভ
বুধবারের অধিবেশন চলাকালে বাইরে আয়োজিত এক বিক্ষাভ সমাবেশে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের সাবেক চেয়ারম্যান ভিক্টোরিয়া টাউলি কর্পাজ ২০০৩ সালে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, সেখানে সেনা সদস্যদের উপস্থিতিতে পাহাড়িদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিলো।
কর্পাজ বলেন, "সেনা বাহিনীকে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। এ ধরনের সহিংসতার তদন্তপূর্বক বিচার হওয়া জরুরি।"
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কৃতি রঞ্জন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণের জন্য সেনা বাহিনীকে পরিপূর্ণ কর্তৃত্ব দেওয়া হয়েছে। ওই এলাকা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার কার্যত ক্ষমতাহীন।
সেনা সদস্যদের আধিপত্যের কারণে পার্বত্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
"আদিবাসীদের ভূমি দখলের জন্য বসতি স্থাপনকারী বাঙালিদের সেনাবাহিনী সমর্থন দিচ্ছে বলেও আমরা শুনেছি।"
সামি কাউন্সিলের সভাপতি ম্যাতিয়াস আহরেন বলেন, "কয়েক বছর আগে আমি পর্বত্য চট্টগ্রাম সফরে গিয়েছিলাম। ওই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনাতীত, তবে সেখানে বিপুুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতি আমাকে দুঃখ দিয়েছে।"
যুক্তরাষ্ট্রে বসবাসরত আদিবাসীদের মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল জুম্ম অর্গানাইজেশন ও ফ্রেন্ডস অব সিএইচটি বাংলাদেশ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/বিডি/এএল/জেকে/২৩৫৩ ঘ.
bdnews24