ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মকর্তা 'মেজর ইকবাল' এর আসল নাম জানেন না বলে জানিয়েছেন ডেভিড হ্যাডলি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শিকাগো আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা জানান পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য মার্কিন নাগরিক ডেভিড হ্যাডলি।
তিনি জানান, 'মেজর ইকবাল' এর আসল নাম তিনি জানেন না। তবে ইকবাল যে আইএসআই-এর কর্মকর্তা, এ ব্যাপারে নিশ্চিত হ্যাডলি। ২০০৬ সালে প্রথম 'মেজর ইকবাল' এর সঙ্গে হ্যাডলির দেখা হয়। কিন্তু তিনি কখনোই ইকবালকে সামরিক পোশাকে দেখেননি। তবে ইকবাল সব সময়ই সামরিক বাহিনীর গাড়ি ব্যবহার করতো।
ডেভিড হ্যাডলিকে ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার লক্ষ্যস্থলগুলো সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য নিয়োগ করেছিল লস্কর-ই-তৈয়বা। এসময় হ্যাডলি ভারতের ভাবা পরমাণু কেন্দ্র, শিবসেনার সদর দপ্তর, মুম্বাই উপকূলসহ বেশকিছু এলাকায় 'রেকি' করেন ও ছবি তোলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
প্রায় একই অভিযোগে অর্থাৎ ভারতে গোয়েন্দা নজরদারির জন্য কথিত অপর এক লস্কর সহযোগী তাহাউর রানার বিচার চলাকালে দেওয়া সাক্ষ্যে হ্যাডলি এসব কথা বলেন। হ্যাডলি রানার ছেলেবেলার বন্ধু।
সোমবার হ্যাডলি আদালতকে জানিয়েছিলো মুম্বাই হামলার সঙ্গে আইএসআই জড়িত। সংস্থাটির দু'জন কর্মকর্তার কাছ থেকে সাহায্য ও নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেন তিনি।
আদালতে দেওয়া সাক্ষ্যে হ্যাডলি মুম্বাই হামলার দীর্ঘ ফিরিস্তি তুলে ধরেন।
তিনি বলেন, লস্কর-ই-তৈয়বার ক্যাম্পে প্রশিক্ষণ নেয়া শেষে যখন ইকবালের সঙ্গে তার দেখা হয়, তখন তিনি "প্রশিক্ষণ মোটামুটি, খুব ভালো হয়নি" বলে মন্তব্য করেন। পরে ইকবাল নিজ দায়িত্বে হ্যাডলিকে আইএসআই-এর প্রশিক্ষণ দেন। লাহৌল বিমানবন্দরের কাছে একটি দোতলা 'নিরাপদ' বাড়িতে সে প্রশিক্ষণ চলে বলে জানান হ্যাডলি।
গত বছর মুম্বাই হামলার ষড়যন্ত্রে অন্যতম সহযোগী হিসেবে হ্যাডলিকে অভিযুক্ত করা হয়।
মুম্বাই হামলার দিনক্ষণ বেশ কয়েকবার পাল্টাতে হয় বলে আদালতকে জানান হ্যাডলি। প্রথম হামলার দিন ঠিক করা হয়েছিলো ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর। কিন্তু উপকূলে ভেড়ার আগেই হামলাকারীদের নৌকা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।
পরে হামলার দিন ঠিক করা হয় অক্টোবর মাসে। তাও ব্যর্থ হয়। অবশেষে হামলা চালানো হয় ওই বছরের ২৬ নভেম্বর।
হামলার পরিকল্পনায় একেবারেই সফল ছিলেন 'মেজর ইকবাল'। তার হাত দিয়েই সবকিছু হয়েছে। তবে হামলাকারীরা যে নৌকায় করে মুম্বাই ঢুকেছিলো, ভুলবশত সেখানে একটি স্যাটেলাইট ফোন রেখে গিয়েছিলো। সেই ফোনই ভারতীয় গোয়েন্দাদের হাত ঘুরে চলে যায় এফবিআইয়ের হাতে। আর তাতেই ধরা পড়ে যান হ্যাডলি। এ নিয়ে অবশ্য আদালতকে নিজের আফসোসের কথাও জানান হ্যাডলি।
হ্যাডলি জানান, তাকে মুম্বাইয়ের বিভিন্ন বিলাসবহুল হোটেল, মুম্বাই বাস ও ট্রেন স্টেশন, শিবসেনার অফিস এবং মুম্বাইয়ের উপকূল ভিডিও করার দায়িত্ব দেওয়া হয়। তবে তার নিজের ইচ্ছা ছিল কাশ্মীরিদের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা।
মেজর ইকবাল তাকে ২৫ হাজার ডলার দিয়েছিলেন এবং ভারতের পারমাণবিক গবেষণাগারগুলোতে নজরদারি করার নির্দেশ দিয়েছিলেন বলে জানান তিনি।
১৯৭১ সালে দশ বছরের বালক হ্যাডলি পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি স্কুলের ছাত্র ছিলেন। ভারতীয় বাহিনীর বোমার আঘাতে ওই স্কুলটি ধ্বংস হয়ে গেলে বালক হ্যাডলির মনে তীব্র ভারত বিদ্বেষ সৃষ্টি হয়।
তখন থেকেই মার্কিন নাগরিক হ্যাডলি ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন। ওই স্কুলে রানা ও হ্যাডলি একসাথে পড়াশোনা করেছিলেন।
২০০৮ সালে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ১০ জনের একটি দল ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের তিনটি লক্ষ্যস্থলে হামলা চালায়। এতে ১৬৬ জন মানুষ নিহত হয়।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই হামলায় অংশ নেওয়া ১০ জঙ্গির মধ্যে নয়জনই নিহত হয়। আটক একমাত্র জঙ্গি কাসাবকে আদালত মৃত্যুদন্ড দিলেও উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/সিআর/১৪১০ ঘ.
bdnews24