জাতিসংঘ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর দমনপীড়নের নিন্দা জানিয়ে প্রস্তাব তোলার জন্য জাতিসংঘের প্রতি বুধবার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেশগুলো।
১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল নিন্দাপ্রস্তাবের জন্য একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেছে। কিন্তু এতে পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া ও চীন ভেটো দেওয়ার সম্ভাবনা রয়েছে।
খসড়া প্রস্তাবে বলা হয়, "সিরীয় কর্তৃপক্ষ হত্যা, অবৈধভাবে আটকসহ শান্তিপূর্ণভাবে সমাবেশকারীসহ মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের ওপর নির্যাতন চালাচ্ছে যা পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘণের শামিল।"
সিরীয় কর্তৃপক্ষ যা করেছে তা 'মানবতার বিরুদ্ধে অপরাধ'র সমতুল্য। এ কারণে আন্দোলনকারীদের ওপর কর্তৃপক্ষের দমনপীড়নের তথ্য উদঘাটনে জাতিসংঘের মানবাধিকার সংস্থার 'গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্ত চালানোর দাবিও খসড়া প্রস্তাবে জানানো হয়।
যদিও চলতি বছরেই লিবিয়ায় সাধারণ জনগণকে রক্ষার জন্য জাতিসংঘ সামরিক হস্তক্ষেপসহ যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেয়, কিন্তু খসড়া প্রস্তাবে সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ব্যাপারে কোনোকিছু বলা হয়নি।
তবে, সিরিয়ায় যেন কোনো দেশ অস্ত্র সরবরাহ না করে সে ব্যাপারে এই প্রস্তাবে আহ্বান জানানো হয়েছে।
সিরিয়ার মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে, আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত নিরপত্তা বাহিনীর হাতে অন্ততপক্ষে ১১শ' সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে।
এ দাবির একদিন পরই নিরাপত্তাপরিষদভুক্ত ইইউর দেশগুলো এই খসড়া নিন্দা প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করল।
এ ব্যাপারে পর্তুগালের রাষ্ট্রদূত হোসে ফিলিপ মোরায়েস কাব্রাল জানান, "নিরাপত্তা পরিষদই কেবল এ পরিস্থিতিতে পদক্ষেপ গ্রহণের ক্ষমতা রাখে।"
তবে আগামী সপ্তাহের আগে এই খসড়া প্রস্তাবের ওপর ভোটগ্রহণ সম্ভব হবে না বলে জাতিসংঘের একজন কূটনীতিক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৬ ঘ.
bdnews24