২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার জঙ্গিদের নিশানা ছিলেন বাল ঠাকরে?

২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলায় জড়িত জঙ্গিরা ভারতের মৌলবাদী হিন্দু সংগঠন শিবসেনা প্রধান বাল ঠাকরেকে হত্যারও পরিকল্পনা করেছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলায় জড়িত জঙ্গিরা ভারতের মৌলবাদী হিন্দু সংগঠন শিবসেনা প্রধান বাল ঠাকরেকে হত্যারও পরিকল্পনা করেছিলো। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়া সাক্ষ্যে একথা বলেছেন। মুম্বাই হামলায় জড়িত আরেকজন তাহাউর রানার বিচার চলাকালে দেওয়া সাক্ষ্যে হেডলি এ স্বীকারোক্তি দেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর দিয়েছে। শিবসেনা ভবনে বর্ষপূর্তির উৎসবের সময় বাল ঠকরেকে হত্যা করার পরিকল্পনা ছিলো- একথা এনডিটিভি'কে নিশ্চিত করে জানিয়েছে মুম্বাই পুলিশ। হামলার আগে শিবসেনা ভবন দেখতে হেডলি মুম্বাইয়ে রাজারাম রেগি নামের এক শিবসেনা সদস্যের সঙ্গে যোগযোগ করেন এবং তার কাছ থেকে ২০০৯ সালে শিবসেনার বর্ষপূর্তির উৎসবে প্রবেশের অনুমতিপত্রও চান। রেগির সঙ্গে হেডলির যোগাযোগের প্রমাণ হিসাবে কিছু ই-মেইল আদালতে উপস্থাপন করেছেন আইনজীবীরা। তবে রেগি ২০০৮ সালে হেডলির সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেও বলেছেন, হেডলি শিবসেনা ভবন দেখার অনুরোধ জানালেও তিনি তাতে রাজি হননি। হেডলি কে এবং কেনো এসেছেন তা তখন তিনি জানতেন না। হেডলির সঙ্গে তার মাত্র দু-সেকেন্ডের সাক্ষাৎ হয়েছিলো বলে দাবি করেন রেগি। এ ঘটনার প্রতিক্রিয়ায় শিবসেনা প্রধান বাল ঠাকরে বলেছেন, "আমরা হেডলিকে ভয় পাই না। তার মতো বহু হেডলি আমরা দেখেছি। কেন্দ্রে কংগ্রেস সরকার থাকার কারণেই তারা এ সাহস পেয়েছে। আমার শিবসেনাই আমাকে রক্ষার জন্য যথেষ্ট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২২৩২ঘ.