কায়রো, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- বিক্ষোভকারী হত্যা ও অন্যান্য আরো অভিযোগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিচার করবে মিশর।
মুবারকসহ তার দুই ছেলের বিরুদ্ধে ইতোমধ্যেই অপরাধ আদালতে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা মেনা।
মিশরের নতুন সামরিক শাসকরা মুবারককে বিচার থেকে অব্যাহতি দেবে এমন জল্পনা-কল্পনার অবসান ঘটলো এর মধ্য দিয়ে।
১১ ফেব্রুয়ারিতে মিশরে গণবিক্ষোভের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন মুবারক। এরপর তাকে আটক রাখার নির্দেশ দেওয়া হয়। তার শাসনামলে দুর্নীতি এবং বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের তদন্তও শুরু হয়।
মুবারককে লোহিত সাগর তীরবর্তী শার্ম এল শেখ-এ একটি সামরিক হাসপাতালে এবং তার দুই ছেলেকে কায়রোর তোরা জেলে আটক রাখা হয়েছে।
বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মুবারক ও তার দুই ছেলে আলা এবং গামালকে সরকার বিরোধী বিক্ষোভকারী হত্যার অভিযোগে বিচার করা হবে।
২৫ জানুয়ারির গণবিপ্লবে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েকজনকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ রয়েছে এ ৩ জনের বিরুদ্ধে।
তাছাড়া, মুবারক এবং তার স্ত্রীর বিরুদ্ধেও রয়েছে অবৈধভাবে সম্পদ গড়ার অভিযোগ। মিশরে ৩০ বছরের শাসনামলে এ অবৈধ সম্পদের পাহাড় গড়েন মুবারক।
মুবারক ও তার পরিবারের বিচার দাবি করে মিশরীয়রা শুক্রবার নতুন করে বিক্ষোভে নামার ডাক দেওয়ার পর তার বিচার করার এ উদ্যোগ এলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৯ ঘ.
bdnews24