ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগের মুখে আইএমএফ ছাড়তে বাধ্য হওয়ায় 'গভীর দুঃখ ও হতাশা' প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কান।
স্ট্রস-কান সাবেক সহকর্মীদের কাছে ইমেইলে এ হতাশা প্রকাশ করেন বলে সিএনএন-এ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি তার সাবেক সহকর্মীদের বলেন, "আমার বিরুদ্ধে আনা অভিযোগ আমি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করছি। অভিযোগগুলো মিথ্যে প্রমাণিত হবেই।"
ইমেইলে স্ট্রস-কান আরো জানান, তার ব্যক্তিগত দুঃসময়ের ভাগীদার প্রিয় সহকর্মীদের করতে তিনি রাজী নন। তাই তাকে আইএমএফ ছেড়ে যেতে হয়।
ইমেইলে সহকর্মীদের প্রশংসা করেন স্ট্রস-কান। আইএমএফ-এর ভারপ্রাপ্ত প্রধান জন লিপস্কি রোববার সন্ধ্যায় ইমেইলটি সহকর্মীদের পাঠান।
এক হোটেল-কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর স্ট্রস-কান আইএমএফ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি গৃহবন্দী আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/পিএনবি/পিডি/২২২৪ ঘ.
bdnews24