২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জীবন বৃক্ষের' সোনালী পাম জয়

দি ট্রি অব লাইফ চলচ্চিত্রের জন্য চলতি বছরের সোনালী পাম (পাম ডি 'ওর ) জিতে নিয়েছেন মার্কিন পরিচালক টেরেন্স মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 08:38 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

কান, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দি ট্রি অব লাইফ চলচ্চিত্রের জন্য চলতি বছরের সোনালী পাম (পাম ডি 'ওর ) জিতে নিয়েছেন মার্কিন পরিচালক টেরেন্স মালিক। রোববার ফ্রান্সের কান নগরীতে এ পুরস্কার ঘোষণা করা হয়। দি ট্রি অব লাইফ- বাংলা তর্জমায় দাঁড়ায় জীবন বৃক্ষ। টেক্সাসের একটি পরিবারের জীবনের গল্পের মধ্যে দিয়ে আসলে জন্ম আর মৃত্যুর মাঝখানের এই জীবনটারই অর্থ খুঁজেছেন মালিক। আর এই অন্বেষণে নিজের নির্দেশনার পঞ্চম চলচ্চিত্রেই তিনি পেয়ে গেলেন সম্মানজনক এই পুরস্কার। চলচ্চিত্রে বাবার চরিত্রে জনপ্রিয় হলিউড তারকা ব্রাড পিট ও ছেলের চরিত্রে শন পেন মনোমুগ্ধকর অভিনয় করেছেন। ১১ মে এই উৎসব শুরুর পর থেকেই আলোচনায় ছিল ডেনমার্কের ছবি মেলানকোলিয়া। কিন্তু হিটলারের প্রতি সহানুভূতিশীল বক্তব্য দেওয়ায় এ ছবির পরিচালক লার্স ভন ত্রিয়েরকেই উৎসব থেকে বহিষ্কার করা হয়। ত্রিয়েরের সেই বেদনা কিছুটা হলেও লাঘব করতে পেরেছেন কিরস্টেন ডানস্ট। মেলানকোলিয়ায় অসামান্য অভিনয়ের জন্য এবারের কানে সেরা অভিনেত্রীর পুরস্কারটি কিরস্টেনের ঝুলিতেই গেছে। স্পাইডারম্যান ছবির নায়িকা ডানস্ট পুরস্কার গ্রহণের সময় বললেন, "লার্সকে ধন্যবাদ জানাই। তিনি মহান।" দি আর্টিস্ট-এ অভিনয়ের জন্য এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জ্যঁ ডুজারডেন। ওই ছবির মাধমে একুশ শতকের চলচ্চিত্রকে নির্বাক যুগে ফিরিয়ে নিয়েছেন এই ফরাসি অভিনেতা। দ্য ট্রি অব লাইফ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেলেও সেরা পরিচালক হয়েছেন ত্রিয়েরের স্বদেশী নিকোলাস উইন্ডিং রেফ। 'ড্রাইভ' চলচ্চিত্রে অসাধারণ পরিচালনার পুরস্কার পেলেন তিনি। সেরা চিত্রনাট্যকরের পুরস্কার পেয়েছেন ইসরায়েলি লেখক ও পরিচালক জোসেফ সিডার। 'ফুটনোট' নামের নাটকের জন্য সেরা নির্বাচিত হন তিনি। ৬৪ তম কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় সেরা চলচ্চিত্রের পুরস্কার (গ্রান্ড প্রিক্স) পেয়েছে দুটি চলচ্চিত্র। তুরস্কের পরিচালক নুরি বিলজে সেইলানের 'ওয়ানস আপন অ্যা টাইম ইন আনাতোলিয়া' এবং বেলজিয়ামের দুই ভাই জ্যঁ-পিয়েরে ও লুক ডারডেনের পরিচালনায় নির্মিত 'দ্য কিড উইথ অ্যা বাইক' চলচ্চিত্র পেয়েছে এ পুরস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এএইচ/এএমটি/১৬৫৩ ঘ.