২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে পাকিস্তানে আবারো অভিযান হবে: ওবামা

ওসামা বিন লাদেন হত্যার পর ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, প্রয়োজনে পাকিস্তানে একই ধরনের অভিযান আবারো চালানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন লাদেন হত্যার পর ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, প্রয়োজনে পাকিস্তানে একই ধরনের অভিযান আবারো চালানো হবে। শনিবার বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, পাকিস্তানে অন্য কোনো জঙ্গি নেতার খোঁজ পাওয়া গেলে আবারো সেখানে ওসামা বিন লাদেন হত্যার মতো অভিযান চালানো হতে পারে। তিনি বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল যুক্তরাষ্ট্র। কিন্তু নিশ্চুপ বসে থেকে হামলার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। পাকিস্তানে বা অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রে তালেবান নেতা মোল্লা ওমর বা আল কায়েদার কোনো শীর্ষ নেতার অবস্থান জানা গেলে তিনি কি করবেন জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র এককভাবে অভিযান চালাবে। "যুক্তরাষ্ট্রকে নিরপদ রাখা আমাদের দায়িত্ব"- বলেন তিনি। ওবামা বলেন, "পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি আমরা খুবই শ্রদ্ধাশীল। কিন্তু আমাদের জনগণ বা মিত্র দেশের জনগণকে হত্যার পরিকল্পনাকারীকে আমরা ছাড় দিতে পারি না।" গত ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী ইউএস নেভি সিলের সদস্যরা। পাকিস্তানকে না জানিয়ে সেখানে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা 'সার্বভৌমত্বের' লঙ্ঘন বলে চাপের মুখে পড়ে পাকিস্তান সরকার। যুক্তরাষ্ট্র এরপর এ ধরনের কোনো অভিযান চালালে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধ করার প্রস্তাব পাস করে পাকিস্তান পার্লামেন্ট। বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখনো চলছে। তার মধ্যেই এসব কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। রোববারই ইউরোপ সফর শুরু করছেন ওবামা। রাতে তিনি আয়ারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন। তারপর একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও পোল্যান্ড সফর করবেন। ধারণা করা হচ্ছে এ সফরে ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে আরব বিশ্বের চলমান গণআন্দোলন ও আফগান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এমআই/১৫০৩ ঘ.