২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪৪

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার দেশব্যাপী ৪৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

আম্মান, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার দেশব্যাপী ৪৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা সিরিয়ান ন্যাশনাল অর্গানাইজেশন অর হিউম্যান রাইটসের প্রধান আম্মার কুরাবি বলেন, উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশেই নিহত হয়েছে ২২ জনের বেশি বিক্ষোভকারী। ওই দিন সকালে সেখানে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী ট্যাংক হামলা চালালে এ হতাহতের ঘটনা বলে জানান তিনি। এর আগে মানবাধিকার আইনজীবী রাজন জাইতুনা বলেন, ইদলিব প্রদেশের মারেত আল-নুমান শহরে অন্তত ১২ জন, মধ্যাঞ্চলীয় শহর হোমসে ১১ জন এবং দেরা, লাতাকিয়া, হামা ও দামেস্কের শহরতলীতে আরো ৭ জন নিহত হয়েছে। শুক্রবার সিরিয়াজুড়েই বিক্ষোভ সমাবেশের খবর পাওয়া যায়। ভূমধ্যসাগর উপকূলীয় শহর লাতাকিয়া, বানিয়াস থেকে শুরু করে তেল সমৃদ্ধ দিয়ার আল-জর, পূর্বাঞ্চলের কুর্দি এলাকার কামিশি এবং দক্ষিণের হারান সমভূমি এলাকায়ও বিক্ষোভ হয়। কুর্দি বিক্ষোভকারীরা "ট্যাংকের সাথে কোন আলোচনা নয়" ব্যানার নিয়ে বিক্ষোভ করে। এসময় তারা 'আজাদি', 'আজাদি' বলে স্লোগান দেয় বলে এক প্রত্যক্ষদর্শী জানায়। এর আগে দেশটির সরকার আলোচনার প্রস্তাব দিলে কুর্দিরা তা প্রত্যাখ্যান করে। বৃটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করছে, সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দুই মাসে দেশটিতে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ৮৩১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময়ের মধ্যে প্রায় ১০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/পিএনবি/এএইচ/২৩১০ ঘ.