২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাদ্দাফির স্ত্রী ও কন্যা তিউনিসিয়ায়'

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির স্ত্রী সাফিয়া গাদ্দাফি ও কন্যা আয়েশা গাদ্দাফি তিউনিসিয়ার সীমান্ত অতিক্রম করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 09:30 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

তুনিস, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির স্ত্রী সাফিয়া গাদ্দাফি ও কন্যা আয়েশা গাদ্দাফি তিউনিসিয়ার সীমান্ত অতিক্রম করেছেন। তিউনিসীয় নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে। তবে তারা কূটনীতিক মিশনে নাকি নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত অতিক্রম করেছেন এ বিষয়ে সুস্পষ্ট কোনোকিছু জানা যায়নি। তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, লিবিয়ার এক প্রতিনিধি দলের সাথে সাফিয়া গাদ্দাফি ও আয়েশা গাদ্দাফি ১৪ মে তিউনিসিয়ায় প্রবেশ করেন এবং তারা লিবিয়া সীমান্তের নিকটবর্তী দক্ষিণপূর্বাঞ্চলীয় জিরবা দ্বীপে অবস্থান করছেন। তবে কিছু দিন আগে লিবিয়া সরকারের পক্ষত্যাগী তেলমন্ত্রী সোক্রি ঘানিমের সাথে তারা আসেননি বলে ধারণা করা হচ্ছে। গাদ্দাফি সরকারের পক্ষ ত্যাগের আগে ঘানিম সীমান্ত পেরিয়ে তিউনিসিয়ায় চলে আসেন। লিবিয়ার সরকারবিরোধী একটি সূত্র জানিয়েছে, জিরবা দ্বীপে অবস্থানরত গাদ্দাফির স্ত্রী ও কন্যা আয়েশার সাথে আয়েশার স্বামীও আছেন। যুদ্ধে তিনি আহত হয়েছেন এবং তিউনিসিয়ায় চিকিৎসা নিচ্ছেন। তবে আল জাজিরা ও আল আরাবিয়া টেলিভিশন তিউনিসিয়ার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গাদ্দাফির স্ত্রী ও কন্যা তিউনিসিয়ায় নেই এবং তাদের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকায় তাদের তিউনিসিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না। গাদ্দাফি পরিবারের কেউ তিউনিসিয়ায় প্রবেশ করলে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক রাজনৈতিক টকশোতে একজন আলোচক এ সংবাদকে 'বিদ্রোহী ও পশ্চিমাদের ছড়ানো গুজব ও প্রচারণা' বলে দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫২৫ ঘ.