কিরকুক, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের কিরকুক শহরে কয়েক দফা বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
জানা গেছে, সর্বমোট তিনটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেগুলোর মধ্যে অন্তত দুটি বোমা একটি পুলিশ স্টেশনের কাছে বিস্ফোরিত হয়েছে।
পুলিশ স্টেশনের কাছে প্রথম বোমা বিস্ফোরণে শব্দ পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত বাইরে আসলে দ্বিতীয় বোমা বিস্ফোরিত হয়। এতে অনেক পুলিশ কর্মকর্তা হতাহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রাজধানী বাগদাদের ১৮০ মাইল উত্তরে কিরুকুকের অবস্থান।
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং একটি হাসপাতাল সূত্র বোমা হামলায় নিহতের সংখ্যা ২৫ এবং আহতের সংখ্যা ৬৮ বলে জানিয়েছে।
আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ স্টেশনের কাছে দুই দফা বোমা বিস্ফোরণের ওই ঘটনার প্রায় এক ঘণ্টা পর শীর্ষস্থানীয় এক পুলিশ কর্মকর্তার গাড়ি বহর লক্ষ করে তৃতীয় বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে অনেক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
তেলসমৃদ্ধ ও জাতিগতভাবে বিভক্ত অঞ্চল কিরকুকের নিয়ন্ত্রণ নিতে কুর্দি কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সাথে পাল্লা দিয়ে চলে।
ইরাকে কয়েক বছর ধরে সহিংসতা কমে এলেও সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেশি কমেনি। প্রায়ই তারা হামলার শিকার হচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৮১৩ ঘ.
bdnews24