পেশোয়ার, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পেশোয়ারে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে প্রায় শতাধিক জঙ্গি। এতে ২জন পুলিশসহ ১৯ জন নিহত হয়েছে।
বুধবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে পুলিশ জানায়।
হামলাকারীরা একে-৪৭ রাইফেল ও রকেটসহ এ হামলা চালায়।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আবদুল জব্বার বলেন, "তারা একে-৪৭ রাইফেল ও রকেটসহ হামলা চালালেও আমরা সফল ভাবে প্রতিরোধ করেছিলাম। কিন্তু তারা কিছুক্ষণ পর আবারও হামলা শুরু করে। প্রায় আড়াইঘণ্টা তাদের সাথে আমাদের গোলাগুলি হয়"।
আফগানসীমান্তবর্তী পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত খাইবার অঞ্চলের সাঙ্গু মেরা তল্লাশি চৌকিতে এ হামলা চালায় জঙ্গিরা।
তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
এ হামলায় একজন পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হলেও হামলাকারীদের কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।
আবদুল জব্বার বলেন, "হামলাকারীদের মধ্যেই অনেকে হতাহত হয়েছেন। তবে তারা হতাহতদের সরিয়ে নিয়েছে। এ কারণে আমরা ঠিক নিশ্চিত নই তাদের ঠিক কতজন হতাহত হয়েছে।"
অবশ্য আল জাজিরা জানিয়েছে, গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য ১৭ জন বন্দুকধারী নিহত হয়েছে।
ওই অঞ্চলে তালেবানসহ অন্যান্য জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে ধারণা করা হয়। এ কারণেই পাকিস্তানি সেনা বাহিনী সেখানে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে।
২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী সেনা শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডো অভিযানে নিহত হন আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন।
বিন লাদেনের মৃত্যুর পর আল কায়েদা ও তালেবান জঙ্গিরা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়।
এরপর পাকিস্তানে বেশ কয়েকটি বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১১ ঘ.
bdnews24