মিরনশাহ্, পাকিস্তান, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগানিস্তান থেকে উড়ে আসা ন্যাটো হেলিকপ্টার হামলায় মঙ্গলবার দুই পাক সেনা আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
ওয়াজিরিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করে রয়টার্সকে জানান, দিনের শুরুতে হামলাটি চালানো হয় সীমান্তের দত্ত খেল এলাকায় পাকিস্তানের একটি চেকপোস্টে।
অন্য এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরনশাহ্ থেকে কয়েকটি পাকিস্তানি হেলিকপ্টার ঘটনাস্থলের দিকে উড়ে যায়।
পাকিস্তানি হেলিকপ্টার পাঠানোর উদ্দেশ্য পরিষ্কার নয়। ঘটনার ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর ওয়াজিরিস্তানে ন্যাটো হেলিকপ্টার অনুপ্রবেশের ঘটনাটি নিয়ে ন্যাটোর কমান্ডারদের সঙ্গে বৈঠকের চেষ্টা চালিয়েছে।
আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের জঙ্গি আস্তানাগুলোতে যুক্তরাষ্ট্র প্রায়ই চালকবিহীন বিমান হামলা চালিয়ে আসছে।
কাবুলে পশ্চিমা সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক ঘাঁটির ২টি ন্যাটো হেলিকপ্টার পাকিস্তান থেকে হামলার পাল্টা জবাব দিয়েছে।
তবে আফগানিস্তানের আকাশসীমা থেকে এ পাল্টা জবাব দেওয়া হয়েছে নাকি সীমান্ত পেরিয়ে পাল্টা হামলা চালানো হয়েছে সে ব্যাপারে ওই কর্মকর্তা কিছু বলেন নি।
ওয়াজিরিস্তানের স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, ২ টি ন্যাটো হেলিকপ্টার ওই অঞ্চলে অনুপ্রবেশ করে ১০ মিনিট সেখানে অবস্থান করে।
দত্ত খেল এলাকায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে হেলিকপ্টার থেকে শেল নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা।
শেলের আঘাতে কাছের একটি পর্বতের ধ্বংসাবশেষে আহত হয় দুই সেনা।
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে চলমান সঙ্কটে এ হামলা আরেকটি নতুন মাত্রা যোগ করলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৩ ঘ.
bdnews24