ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নিরাপত্তা সেবাদান ভবন ও দুর্নীতি দমন সংস্থার সদর দপ্তরে মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে ন্যাটো।
হামলার ফলে ভবনদুটিতে আগুন ধরে যায় বলে আল জাজিরা জানিয়েছে।
সংবাদ মাধ্যমটি জানায়, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বাসস্থানের কাছে আল-জুমহুরিয়া এভিনিউতে স্থানীয় সময় রাত দেড়টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টা) এ হামলা চালায় ন্যাটো বাহিনী।
লিবিয়ার পরিদর্শন ও জন নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের প্রধান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান, হামলায় মন্ত্রণালয়ের কয়েকজন কর্মচারী আহত হয়েছে। তবে এর বেশি কিছু তিনি জানাননি।
সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম জানান, বিদ্রোহী "ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) ওই ভবনগুলোতে থাকা বিগত শাসনামলের কর্মকর্তাদের নথিপত্র ধ্বংসের জন্য ন্যাটোকে সেখানে হামলার নির্দেশনা দিয়েছে"।
তিনি সাংবাদিকদের বলেন, "তাদের দুর্নীতির নথি ধ্বংস করার জন্য তারা ন্যাটোকে ভুল দিকে চালিত করেছে বলেই আমাদের ধারণা"।
ওদিকে, মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সোমবার গাদ্দাফি, তার ছেলে সাইফ আল ইসলাম ও লিবিয়ার গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৩ ঘ.
bdnews24