২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি সর্তকতার পরীক্ষা করলো ভিয়েতনাম

সুনামিতে বিপুল সংখ্যক প্রাণহানি ঠেকাতে প্রথমবারের মতো সুনামি সতর্কতা ব্যবস্থার পরীক্ষা করেছে ভিয়েতনাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামিতে বিপুল সংখ্যক প্রাণহানি ঠেকাতে প্রথমবারের মতো সুনামি সতর্কতা ব্যবস্থার পরীক্ষা করেছে ভিয়েতনাম। মঙ্গলবার ভিয়েতনাম নিউজ'র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগর উপকূলীয় অঞ্চলে সুনামির পরপরই ভিয়েতনাম সুনামি সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়। পুরো ব্যবস্থাটি তৈরি করে সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিকম কোম্পানি ভিয়েতটেল। মধ্য ভিয়েতনামের উপকূলে সোমবার ১০টি সতর্কতা কেন্দ্রের মধ্যে পরীক্ষামূলকভাবে দুটি কেন্দ্রে পরীক্ষা চালিয়ে ফল পাওয়া হেয়েছে বলে জানান ভিয়েতটেলের সহকারী পরিচালক দিন দক ট্যাং। দানাংয়ে ভিয়েতটেলের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় ভূ-পদার্থ বিজ্ঞান কেন্দ্র থেকে সতর্কতার সঙ্কেত পাওয়ার ১০ মিনিটের মধ্যে এ দুটি কেন্দ্রে সাইরেন বেজে ওঠে। বাকি আটটি সতর্কতা কেন্দ্র এ বছরের মধ্যেই পরীক্ষা করা হবে জানিয়ে ডিন বলেন, সব কিছু পরিকল্পনা মতোই এগোচ্ছে। ভিয়েতনামে প্রায়ই মৃদু ভূমিকম্প হয়ে থাকে। তবে ২০০৪ সালে সুনামিতে কয়েকটি দেশের ২ লাখের বেশি মানুষ মারা গেলেও ভিয়েতনামে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রাকৃতিক দুর্যোগের জন্য ভিয়েতনামকে প্রস্তুত থাকতে হবে, বলেন দেশটির উপপ্রধানমন্ত্রী হোয়াং ত্রং হাই। তিনি বলেন, দুর্যোগের ভয়াবহতা ক্রমে বাড়ছে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ভিয়েতনামও বিভিন্ন ধরনের জটিলতায় পড়ছে। তাই যত শিগগির সম্ভব আমরা এ ব্যাপারে কাজ শুরু করবো, জনগণ ও অর্থনীতিতে দুর্যোগের প্রভাব ততই কমে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪৫ ঘ.