ঢাকা, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।
"শুক্রবার দিন ভালো, তাই এই দিনেই শপথ", সোমবার সংবাদিকদের বলেন মমতা।
দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের একদিন পরই সোমবার মমতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালেন রাজ্যপাল এম কে নারায়নন।
রাজভবন জানিয়েছে, "মমতা বন্দোপাধ্যায়ের কাছে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে রাজ্যপালের কাছ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে"।
তার আগেই অবশ্য রাজ্য কংগ্রেস সভাপতি মানস ভূঁইয়া রাজ্যপালের সঙ্গে দেখা করে মমতার সরকার গঠনের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়ে দেন।
১৩ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে ২৯৪টি আসনের মধ্যে ২২৪টিতেই জয়ী হয়েছে তৃণমূল-কংগ্রেস জোট। আর এর মধ্যদিয়ে ভারতের এ রাজ্যে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটে।
ওই দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য রাজ্যপালের কাছে অনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বুদ্ধদেব নিজেও নিজ আসনে পরাজিত হয়েছেন।
মমতা অবশ্য রোববার রাতেই শুক্রবারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মনমোহন আর সোনিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন।
তবে প্রধানমন্ত্রী বিদেশ থাকবেন তাই আসা হবে না। আর সোনিয়া গান্ধীর উপস্থিতির ব্যাপারে পরে জানাবে কংগ্রেস নেতৃত্ব, এমন খবরই দিয়েছে আনন্দবাজার ও ইটিভি।
মমতা বন্দোপাধ্যায় ১৯৫৫ সালের ৫ জানুয়ারি কলকাতার কালিঘাটের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন অল ইন্ডিয়া কংগ্রেস এর মাধ্যমে।
১৯৭৬ সালে মমতা রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৮৪ সালে তিনি প্রথম যাদবপুর আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। সেসময় তিনি সিপিএম এর শীর্ষ নেতা সোমনাথ চ্যাটার্জিকে পরাজিত করেন।
পরে তিনি অল ইন্ডিয়া যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৮৯ সালের নির্বাচনে তিনি হেরে গেলেও পরে তিনি দক্ষিণ কলকতা আসন থেকে ১৯৯১, ৯৬, ৯৮, ৯৯, ২০০৪ ও ২০০৯ সালে লোকসভা সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালে তিনি প্রধানমন্ত্রী নরসীমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৭ সালে মমতা কংগ্রেস থেকে বেরিয়ে এসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গঠন করেন। সেসময় থেকেই তিনি দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সমস্যা, নন্দীগ্রাম, সিঙ্গুর ও রেজওয়ান হত্যাকা- নিয়ে সরব ছিলেন মমতা। কলকাতার মানুষের কাছে তিনি 'দিদি' হিসেবে পরিচিত।
রোববার রাতে সোনিয়ার সঙ্গে দেখা করে মমতা সাংবাদিকদের জানিয়েছেন, তার নতুন মন্ত্রিসভা হবে ছোট কিন্তু সবাইকে নিয়ে।
এজন্য তিনি সোনিয়াকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পাশাপাশি কংগ্রেস নেতৃত্বকে নতুন মন্ত্রিসভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। তবে সেটিও কংগ্রেস নেতৃত্ব পরে জানাবে।
মমতা চায় জোট হিসেবে নির্বাচন হয়েছে, জোট হিসেবেই পশ্চিমবঙ্গ সরকার চলুক। এ কারণেই জোটসঙ্গী কংগ্রেস ও এসইউসিআইকে মন্ত্রিসভায় রাখার কথা ভাবছেন তিনি।
তবে এনিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে কংগ্রেস সূত্র জানিয়েছে।
কংগ্রেসের মধ্যেই এ নিয়ে দুটি মত- প্রথমত, মমতার মন্ত্রিসভায় যোগ দিলে পশ্চিমবঙ্গে কংগ্রেসের আবার তার পুরনো অবস্থান ফিরে পাওয়ার ভিত্তি তৈরি হবে।
দ্বিতীয় মত হচ্ছে, কংগ্রেস মমতার মন্ত্রিসভায় যোগ দিলে মমতার ব্যর্থতার দায় কংগ্রেসকেও বহন করতে হবে।
এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলের নেতা নির্বাচিত হয়েছেন সিপিআই (এম)'র সূর্যকান্ত মিশ্র। রাজ্যে ৩৪ বছর পর বামফ্রন্ট বিরোধী দলের আসনে বসবে।
সোমবার বামফ্রন্টের এক বৈঠকে এ নেতৃত্ব নির্ধারণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/১২৫৮ ঘ.
bdnews24