২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে আইএমএফ প্রধান

জামিন আবেদন নাকচ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডমিনিক স্ট্রস-কানকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

নিউ ইয়র্ক, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জামিন আবেদন নাকচ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডমিনিক স্ট্রস-কানকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। সোমবার আদালতে যৌন নিপীড়নের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য স্ট্রস-কানের হেফাজতের আবেদন করেন যুক্তরাষ্ট্রের সরকারি কৌসুলিরা। বিচারক বলেন, জামিনে মুক্ত হলে স্ট্রস-কান (৬২) প্যারিসে পালিয়ে যেতে পারেন। ২০ মে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি। টাইমস স্কয়ারের সোফিটেল হোটেলের ৩২ বছর বয়সী এক নারীকর্মীর আনা যৌন নিপীড়নের অভিযোগে শনিবার জন এফ কেনেডি বিমানবন্দরে এয়ার ফ্রান্সের একটি বিমান থেকে গ্রেপ্তার করা হয় স্ট্রস-কানকে। রোববার তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টাসহ যৌন নিপীড়নের তিনটি অভিযোগ আনে নিউ ইয়র্ক পুলিশ। আদালতে স্ট্রস-কানের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তার আইনজীবীরা। ১০ লাখ ডলার জামানতে কানের জামিন চান তারা। এক আইনজীবী বলেন, স্ট্রস-কান ওই হোটেলে দুপুরের খাবার খেয়েছেন। তিনি হোটেল ছেড়ে পালাননি। পুলিশের কাছে অভিযোগে ওই নারী বলেছেন, শনিবার দুপুর ১টায় হোটেলে ওই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন বলেন, ঘটনার পরপরই স্ট্রস-কান হোটেল ছেড়ে পালিয়ে যান বলে পুলিশের ধারণা। তিনি বলেন, "ওই নারী গোয়েন্দা কর্মকর্তাদের বলেছেন, বাথরুম থেকে নগ্ন হয়ে বেরিয়ে কান তাকে (নারী) ধাওয়া করেন। তখন হোটেলের প্রবেশ কক্ষে যাওয়ার পথে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। তাকে ধরে একটি বেডরুমে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন শুরু করেন। ওই নারী তার কাছ থেকে ছুটে গেলে তাকে সে বাথরুমে যাওয়ার পথে ফেলে ধর্ষণের চেষ্টা চালান। কান তাকে হোটেল কক্ষে আটকে রাখারও চেষ্টা করেন। " নিউ ইয়র্কের আইনে ওরাল সেক্সের জন্য কারো ওপর জোর করাসহ যৌন নিপীড়নের জন্য ১৫ থেকে ২০ বছরের জেল হওয়ার বিধান রয়েছে। ধর্ষণ চেষ্টার সাজাও তাই। আর জোর করে কাউকে আটকে রাখার জন্য তিন থেকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়। ২০০৭ সালের নভেম্বর মাসে পাঁচ বছরের জন্য আইএমএফ'র ব্যবস্থাপনা পরিচালক মনোনীত হন স্ট্রস-কান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১২১৫ ঘ.