২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনা

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) চলতি মাসেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 08:43 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) চলতি মাসেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনির বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানায়। ফ্রাত্তিনি বলেন, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গাদ্দাফির পক্ষে অন্যকোথাও নির্বাসনে যাওয়াও অসম্ভব হয়ে পড়বে। তবে ফ্রাত্তিনির এই বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে আইসিসি কার্যালয়ের মুখপাত্র লুইজ ওকাম্পো জানান, গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনার জন্য আইসিসির বিচারকদের কাছে ৪ মে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ওকাম্পো আরো জানান, এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে নাকি আরো তথ্য চাওয়া হবে, এ ব্যাপারে সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করা হচ্ছে। এদিকে, লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার গাদ্দাফিকে দেখা গেছে। গাদ্দাফি বেঁচে আছেন কি না তা নিয়ে ন্যাটো যে সংশয় প্রকাশ করেছিল এর মধ্যদিয়ে সেই জল্পনা-কল্পনার অবসান হলো। ত্রিপোলিতে গাদ্দাফি কম্পাউন্ডে গত ৩০ এপ্রিল ন্যাটোর মিসাইল হামলায় তার ছেলে নিহত হওয়ার পর প্রথমবারের মতো তিনি টেলিভিশনে উপস্থিত হলেন। ওই হামলায় গাদ্দাফির ছোট ছেলে ও পরিবারের কয়েক সদস্যের মৃত্যু এবং এরপর দুই সপ্তাহ ধরে গণমাধ্যম বা জনসমক্ষে তার অনুপস্থিতি করাণে ন্যাটো সংশয় প্রকাশ করেছিল যে, গাদ্দাফি বেঁচে আছেন কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন। এর আগে বুধবার বিদ্রোহীরা দাবি করেছে তীব্র যুদ্ধের পর তারা মিসরাতা শহরের বিমান বন্দর দখল করেছে। এটিকে একটি বিশাল বিজয় বলে দাবি করে বিদ্রোহীরা জানিয়েছে তারা প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ আটক করেছে। গাদ্দাফি অনুগত বাহিনী গত দুই মাস ধরে মিসরাতা অবরোধ করে রেখেছে। এখানে বিদ্রোহীদের সাথে তাদের তীব্র যুদ্ধ চলছে। কৌশলগতভাবে মিসরাতা একটি গুরুত্বপূর্ণ শহর এবং লিবিয়ার পশ্চিমাংশে এটি বিদ্রোহীদের দখলে থাকা একমাত্র শহর। এখানে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরও আছে যার মাধ্যমে তেল রপ্তানী হয়। লিবিয়ার রাজধানী ত্রিপোলি দেশটির পশ্চিমাংশেই অবস্থিত। এদিকে, বুধবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন "দ্রুত এবং কার্যকর" একটি যুদ্ধ বিরতিতে আসার জন্য লিবিয়ার বিবদমান দুই পক্ষকে আহ্বান জানান। বিদ্রোহীরা তাৎক্ষণিকভাবেই তা প্রত্যাখান করলেও এ বিষয়ে গাদ্দাফি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/সিআর/১৪৩৯ ঘ.