২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় গ্রেপ্তারের পর রাহুল জামিনে মুক্ত

কৃষক বিক্ষোভে সমর্থন দেওয়ায় উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তারের পর ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে বুধবার গভীর রাতে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 07:13 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষক বিক্ষোভে সমর্থন দেওয়ায় উত্তর প্রদেশে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেলেন রাহুল গান্ধীসহ ভারতীয় কংগ্রেসের তিন নেতা। উত্তর প্রদেশের পুলিশ বুধবার রাত ১১টার দিকে রাহুলসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে। পরে রাত সোয়া ২টার দিকে তাদের জামিনে মুক্তি দিয়ে দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে পৌঁছে দেওয়া হয়। নাটকীয় এই ঘটনায় উত্তর প্রদেশের মায়াবতী সরকারের কঠোর সমালোচনা করেছে কংগ্রেস। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় প্রশাসনকে বিভ্রান্তিতে ফেলে বুধবার ভোরে গোপনে মোটর বাইকে করে গ্রেটার নয়দার ভট্ট পারসাউল ও আচেহপুর এলাকায় পৌঁছান আমেথির এমপি রাহুল। দিনভর সঙ্গীদের নিয়ে তিনি ওই গ্রামে অবস্থান করেন এবং বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কথা বলেন। একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য রাজ্য সরকারের ভূমি অধিগ্রহণ নীতির প্রতিবাদে উত্তর প্রদেশের কৃষকরা বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে। সর্বশেষ গত শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ চারজন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। একইসঙ্গে ভারতীয় রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় গ্রেটার নয়দা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতির মধ্যে কৃষকদের আন্দোলনে সমর্থন দিয়ে রাহুল আসলে উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী মায়াবতীকে তার নিজের এলাকাতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। রাত ১১টার দিকে এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো খবর দেয়, ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী এবং দলটির স্থানীয় নেতা দীিগ্ব জয় সিং ও রিতা গহুগুণাকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ পুলিশ। মিরাট রেঞ্জের মহা পরিদর্শক রজনিকান্ত মিশ্র সাংবাদিকদের বলেন, ফৌজদারী আইনের ১৫১ ধারায় রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, গ্রেপ্তারের পর রাহুলকে কাসনা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় তিন ঘণ্টা রাখার পর জামিনে মুক্তি দিয়ে পৌঁছে দেওয়া হয় দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তের কাছে একটি বাস স্টেশনে। মুক্তি দেওয়া হয় বাকি দুজনকেও। এ ঘটনাকে 'কাপুরুষোচিত' আখ্যায়িত করে উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট রিতা বহুগুণা বলেছেন, রাহুল গান্ধী কৃষকদের কথা শুনতে গিয়েছিলেন। এখানে কোনো রাজনীতি নেই। তিনি বলেন, রাহুল গান্ধীর গ্রেপ্তার কৃষকদের থামাতে পারবে না। তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৩৪৪ ঘ.