ওয়াশিংটন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে সিআইএ'র গোয়েন্দা প্রধানকে প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। তার পরিচয় উদঘাটন করার পাকিস্তানি গণমাধ্যমের প্রচেষ্টা সত্ত্বেও তাকে বহাল রাখছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।
গত ছয় মাসের মধ্যে দুই বার পাকিস্তানে সিআইএ'র স্টেশন চীফ-এর পরিচয় প্রকাশের চেষ্টা চালায় পাকিস্তানের গণমাধ্যম। বিন লাদেনকে হত্যার পর দ্বিতীয়বারের মতো এ চেষ্টা চালিয়েছে তারা।
ইসলামাবাদে সিআইএ প্রধানের প্রকৃত নাম ফাঁস করে দেওয়ার দাবি করা হয়েছে পাকিস্তানের গণমাধ্যমে। তবে যুক্তরাষ্ট্র সে রিপার্ট ভুল বলে উড়িয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিশ্বাস এভাবে সিআইএ গোয়েন্দা প্রধানের-এর পরিচয় ফাঁস করে দেওয়াটা একটি হিসেবি পদক্ষেপ।
ওসামা বিন লাদেন কিভাবে পাকিস্তানের একটি সেনা শহরে সেনা একাডেমীর কাছের বাড়িতে বাস করছিলেন সে সম্পর্কে যুক্তরাষ্ট্র ব্যাখ্যা দাবী করায় সেখান থেকে মনোযোগ সরাতেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এ কাজ করেছে বলে সন্দেহ মার্কিন কর্মকর্তাদের।
যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এক সপ্তাহ আগে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে বিন লাদেনকে হত্যা করে।
মার্কিন প্রসাশন পাকিস্তানকে তদন্ত করে বের করতে বলেছে কিভাবে এবং কাদের সমর্থন নিয়ে বিন লাদেন অ্যাবোটাবাদের বাড়িতে পাঁচ বছর ধরে ছিলেন।
যুক্তরাষ্ট্রের কাছে থেকে এ চাপের মধ্যে পাকিস্তানের ব্যাক্তি মালিকানাধীন একটি টিভি চ্যানেল এবং একটি সংবাদপত্র ইসলামাবাদে সিআইএ প্রধানের প্রকৃত নাম ফাঁস করার দাবি করেছে।
তবে ওয়াশিংটন ও ইসলামাবাদের পারস্পরিক সম্পর্ক বিষয়ক দু'জন মার্কিন কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের টিভি চ্যানেলে ফাঁস করা নামটি ভুল। আর সেকারণে পাকিস্তানে সিআইএ'র গোয়েন্দা প্রধানকে স্বপদেই বহাল রাখা হচ্ছে।
"ইসলামাবাদে নিযুক্ত বর্তমান সিঅইএ গোয়েন্দা প্রধান একজন প্রকৃত পেশাদার ব্যক্তি। তিনি জানেন কিভাবে ভিনদেশীদের সঙ্গে কাজ করতে হয়। তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা দৃঢ় করার চেষ্টা করছেন", বলেন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তাদের একজন।
গত ডিসেম্বরে এরকম আরেকটি ঘটনায় পাকিস্তানের গণমাধ্যম ইসলামাবাদের সিআইএ'র 'স্টেশন চীফ' এর নাম ফাঁস করে দেয়। ওই ঘটনায়, ইসলামাবাদের তৎকালীন সিআইএ স্টেশন চিফ পাকিস্তান ছাড়তে বাধ্য হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৯ ঘ.
bdnews24