ইসলামাবাদ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন লাদেন হত্যার পর আলোচনার কেন্দ্রে চলে আসা আইএসআই'র প্রধান আহমেদ সুজা পাশাকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে গুঞ্জন ছড়ানোর পাশাপাশি তার ওয়াশিংটন সফরের খবরও প্রকাশ হয়। এদিকে আইএসআই দুটি খবরই নাকচ করেছে।
ভারতের এনডিটিভি জানায়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) লেফটেন্যান্ট সুজা পাশার পদত্যাগ এবং যুক্তরাষ্ট্র সফর- দুটি খবরই নাকচ করেছে।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন শনিবার জানায়, আইএসআই প্রধান শুক্রবার রাতে ওয়াশিংটন রওনা হয়েছেন। আল কায়দা নেতাকে হত্যাসহ সামগ্রিক বিষয়ে পাকিস্তানের অবস্থান ওয়াশিংটনের কাছে তুলে ধরবেন তিনি।
যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ইসলামাবাদে সিআইএ'র স্টেশন প্রধানের সঙ্গে পাশা দেখা করেন বলে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ডন জানায়।
অন্যদিকে নিউজউইকের সহযোগী একটি ওয়েবসাইট দ্য বিস্ট জানিয়েছে, বিন লাদেনকে হত্যায় যুক্তরাষ্ট্রের সৈন্যদের অভিযান ও আল কায়দা নেতার অবস্থান না জানার ব্যর্থতার জন্য সুজা পাশাকে সরিয়ে দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। খুব শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন তিনি।
পাকিস্তানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও সুজা পাশার পদত্যাগের ব্যাপারটি পাকিস্তানের সংবাদ মাধ্যমকে প্রায় নিশ্চিত করেন।
গত ১ মে রাতে ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদ এলাকায় যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিশেষ এক অভিযানে নিহন হন আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। এ অভিযানের খবর পাকিস্তানকে আগে বলেনি ওয়াশিংটন।
বিন লাদেন হত্যার মিশনের বিষয়ে পাকিস্তানকে আগে না জানানোর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান লিও প্যানেট্টা বলেন, পরিকল্পনা ফাঁস হওয়ার শঙ্কা থেকেই ইসলামাবাদকে কিছু জানানো হয়নি।
তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সোমবার বলেছেন, বিন লাদেন হত্যার মিশন শুরুর ১৫ মিনিটের মধ্যেই তাকে জানানো হয়েছিলো। তবে আল কায়দার শীর্ষ নেতাকে হত্যায়ই যে অভিযান চলছে, তা তাকে বলা হয়নি।
আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "অভিযান শুরুর ১৫ মিনিট পর আমাকে তা জানানো হয়, তবে বিন লাদেনকে যে হত্যা করার জন্য অভিযান চলছে, তা আমি জানতাম না।"
বিন লাদেনের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সেনা অভিযান- দুটোই না জানার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সমালোচনা চলছে দেশে। অন্যদিকে ভারত ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ইঙ্গিত আইএসআই জঙ্গিবিরোধী তৎপরতায় হয় ব্যর্থ, নয় তো তারা মদদ দিচ্ছে।
পাকিস্তান আগে থেকে বিন লাদেনের অবস্থান সম্পর্কে জানতো, এমন কথা যুক্তরাষ্ট্র এখনো সরাসরি না বললেও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান এবং আন্তরিকতা প্রমাণের জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে আইএসআই'র পক্ষ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির বলেন, "এটা বলে ফেলা সহজ যে আইএসআই ও সরকারের মধ্যেই কিছু ব্যক্তি আল কায়দার সঙ্গে জড়িত। এটি একটি ভুল অভিযোগ, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাকিস্তান, বিশেষ করে আইএসআই'র জন্য তা অপমানজনক।"
জঙ্গি দমনে সিআইএ'র চেয়েও আইএসআই'র অর্জন বেশি বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৮২২ ঘ.
bdnews24