কায়রো, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- মিশরে খ্রিস্টান ও মুসলমানদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহত সর্বশেষ একজনের লাশ পাওয়া গেছে গির্জার ভেতরে।
রাষ্ট্র্রীয় মেনা বার্তা সংস্থা নিহতের নতুন এ সংখ্যা জানিয়েছে এবং আহতের সংখ্যা ১৮৬ উল্লেখ করেছে। আহতদের দুইজনের অবস্থা গুরুতর।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি আলোচনায় মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ইসাম শরাফ। সংঘর্ষের কারণে উপসাগরীয় দুটি দেশে রোববারের সফর স্থগিত করেছেন তিনি।
শনিবার রাজধানী কায়রোর ইমাবাবা জেলার সেন্ট মিনা গির্জার বাইরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে ৫ জন নিহত এবং ৭৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সম্প্রতি খ্রিস্টান থেকে মুসলমান হওয়া এক নারীকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবিতে সালাফিস্ট নামের একটি রক্ষণশীল গ্রুপের পাঁচ শতাধিক সদস্য সেন্ট মিনা গির্জার সামনে বিক্ষোভ করে।
জোর করে ওই নারীকে গির্জার মধ্যে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সেসময় বিক্ষুব্ধদের সঙ্গে গির্জার নিরাপত্তা রক্ষী ও আশপাশের মানুষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষের মধ্যে গোলাগুলি, বোমা ও পাথর ছোড়াছুড়ি হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা আগের খবরে সংঘর্ষে নিহতদের মধ্যে ছয়জন মুসলমান ও তিনজন খ্রিস্টান বলে জানিয়েছিলো।
এক খ্রিস্টান প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, "গির্জার মধ্যে এক যুবকের পড়ে আছে। "
অপর এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, সংঘর্ষের পর ওই এলাকার আরেকটি গির্জায় আগুন দেওয়া হয়। তাতে গির্জাটির ব্যাপক ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সেনাবাহিনী ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
মন্ত্রিপরিষদের মুখপাত্র আহমেদ আল-সামান মেনাকে বলেন, "ইমবাবার দুঃখজনক ঘটনা আলোচনার জন্য মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শরাফ।"
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে রোববারের সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী।
মিশরে খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়ে থাকে। দেশটির আট কোটি জনসংখ্যার ১০ শতাংশের মতো খ্রিস্টান ধর্মাবলম্বী।
দেশে নানা ধরনের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/এএমটি/১৪৫৭ ঘ.
bdnews24