২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে থেকেই ওসামার ওপর নজর রেখেছিলো সিআইএ

অ্যাবোটাবাদের কাছে থেকেই আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ওপর কড়া নজর রেখেছিলো সিআইএ। ৯ মাস ধরে নজরদারির পর মার্কিন নেভি সিল টীমের সদস্যরা তাকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

অ্যাবোটাবাদ/ নিউ ইয়র্ক, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যাবোটাবাদের কাছে থেকেই আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ওপর কড়া নজর রেখেছিলো সিআইএ। ৯ মাস ধরে নজরদারির পর মার্কিন নেভি সিল টীমের সদস্যরা তাকে হত্যা করেছে। গত আগস্টে অ্যাবোটাবাদে ওসামার বাসভবনের সন্ধান পাওয়ার পরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) কাছাকাছি জায়গায় একটি গোপন স্থানে ঘাঁটি গেড়ে তার ওপর নজরদারি শুরু করে। সিআইএ'র কাজ ছিলো লাদেনকে খুঁজে বের করে তার অবস্থান সুনিশ্চিত করা। আর সেনাবাহিনীর কাজ ছিলো তাকে খতম করা। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা একথা জানিয়েছে। কাজটি অত্যন্ত কষ্টকর হওয়ায় সিআইএ মার্কিন কংগ্রেসকে এ কাজের জন্য নতুন করে লাখ লাখ ডলার অর্থায়নের প্রস্তাব দিয়েছিলো। এ ব্যাপারে কোনো কিছুই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে জানায়নি সিআইএ। ইসলামাবাদের কাছে ওসামা বিন লাদেনের নিরাপদ অবস্থান নিয়ে প্রশ্নের মুখে ইতোমধ্যেই বিব্রত পাকিস্তান সিআইএ'র এই গোপন তৎপরতার বিষয়টি নিয়ে আরো বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২১২৫ ঘ.